২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

EXCLUSIVEঈদের পরই দেশে ফিরছেন মঞ্জু

দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু ঈদের পর দেশে ফিরছেন। উচ্চ আদালতের অবকাশ শেষেই দেশে ফিরছেন তিনি। শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন,'' আমি পলাতক নই। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বিদেশে আছি।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু ঈদের পর দেশে ফিরছেন। উচ্চ আদালতের অবকাশ শেষেই দেশে ফিরছেন তিনি। শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন,'' আমি পলাতক নই। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বিদেশে আছি। শিগগিরই দেশে ফিরব। আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো আইনি লড়াইয়ের মাধ্যমে মোকাবেলা করব।'' সাবেক যোগাযোগ মন্ত্রী, দৈনিক ইত্তেফাকের অন্যতম মালিক ও সাবেক সম্পাদক মঞ্জু দুর্নীতির তিনটি ও একটি মাদক সংক্রান্ত মামলায় ৩২ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত। তার স্ত্রী সাবেক সাংসদ ও সাপ্তাহিক অনন্যা সম্পাদক তাসমীমা হোসেনও দুর্নীতির দায়ে ৬ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত। সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালত তাদের পলাতক দেখিয়ে এরায় দেয়। টেলিফোনে মঞ্জু জানান, বর্তমানে ওয়াশিংটনে মেয়ের বাসায় স্ত্রীকে সঙ্গে নিয়েই থাকছেন তিনি। প্রশ্ন : আপনি কবে দেশে ফিরছেন ? মঞ্জু : যুক্তরাষ্ট্র থেকে যতটুকু খবর জানতে পারছি, তাতে মনে হচ্ছে, দেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এটা শুভ লক্ষণ। সেজন্য আমি শিগগিরই দেশে ফিরতে যাচ্ছি। প্রশ্ন : কবে নাগাদ ফিরছেন ? মঞ্জু : শিগগিরই। এখন তো উচ্চতর আদালত বন্ধ। আদালতের ছুটি শেষ হলেই দিনক্ষণ ঠিক করব। কারণ আমাকে তো দেশে গিয়ে আইনের আশ্রয় নিতে হবে। প্রশ্ন : আপনারতো সাজা হয়েছে, কিভাবে তা মোকাবেলা করবেন ? মঞ্জু : আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো হয়রানিমূলক। রাজনৈতিকভাবে হেয় করতে ওই সব মামলা হয়েছে। আমি দেশে ফিরে আইনি লড়াইয়ের মাধ্যমে তা মোকাবেলা করতে চাই। তবে এখানে আমি বলতে চাই, দেশত্যাগের আগে আমি উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে এসেছিলাম। ফলে যারা আমাকে 'পলাতক' বলে,তারা অসত্য কথা বলছেন। প্রশ্ন : দুর্নীতির বিচারে স্থাপিত বিশেষ আদালতের সাজা সম্পর্কে কি বলবেন ? মঞ্জু : যেসব মামলা আমিসহ রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে হয়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। কারণ জরুরি বিধিমালার আওতায় ওইসব মামলা দায়ের করে বিশেষ আদালতের মাধ্যমে বিচার করা হচ্ছে। দেশে এবং বিদেশে অনেকেই মনে করেন, দুর্নীতি সংক্রান্ত যেসব অভিযোগ দায়ের করে জরুরি বিধিমালায় মামলা করা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সাধারণ আইনে যদি দুর্নীতির অভিযোগগুলোর বিচার হতো, তাহলে জনমনে যে প্রশ্নের উদয় হয়েছে, তা হতো না। আমি মনে করি, যে কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে তা বিদ্যমান আইনে সাধারণ আদালতেই বিচার হলে বিচারের স্বচ্ছতা নিয়ে আর কোনো প্রশ্ন সৃষ্টি হয় না। প্রশ্ন : দেশের বর্তমান রাজনীতি সর্ম্পকে আপনি কি মনে করেন ? মঞ্জু : দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক দল ও রাজনীতিকদের সহনশীল ও দুরদর্শিতার পরিচয় দিতে হবে। নেতৃত্বের রাজনীতিতে এটা সবচেয়ে বেশি জরুরি। নেতৃত্বের দক্ষতার অভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। প্রশ্ন : সংসদ নির্বাচন নিয়ে আপনার মনে কোনো সংশয় আছে ? মঞ্জু : দেশে দীর্ঘদিন জরুরি অবস্থা চলছে। এখন স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে। তাই আর বিলম্ব না করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া উচিত। সব দলের অংশ গ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনই দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে। এব্যাপারে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে বলে আমার ধারণা। আমি আশা করছি, আমাদের রাজনীতিবিদরা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে দুরদর্শিতার পরিচয় দেবেন। দেশের মানুষ তাদের কাছ থেকে এমনটিই প্রত্যাশা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএম/জিএনএ/১৯০০ ঘ.