ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার 'সাম্রাজ্যবাদীদের' নির্দেশিত পথে 'সমঝোতার রাজনীতি' করছে বলে মন্তব্য করেছে ধর্মভিত্তিক দল হিজবুত তাহ্রীর।
শুক্রবার এক গোলটেবিলে এ মন্তব্য করে দলটির বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ বলেছেন, "ফখরুদ্দীন সরকার ও বাংলাদেশের রাজনীতিবিদদের আমরা পাকিস্তানের পারভেজ মোশাররফের পরিণতি মনে করিয়ে দিতে চাই।"
অতীতে রমজান মাসে বিভিন্ন যুদ্ধে মুসলিমদের বিজয় স্মরণে 'বিজয়ের মাস রমজান ও বর্তমান মুসলিম বিশ্ব' শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে চরম বিভক্তির কারণ সাম্রাজ্যবাদ। বর্তমান অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় খোলাফায়ে রাশেদিনের শাসন প্রতিষ্ঠা।
লিখিত ভাষণে তিনি বলেন, "২০০৬ সালের রাজনৈতিক অস্থিতিশীলতা, ১/১১ এর পট পরিবর্তন, সম্ভাব্য নির্বাচন- এ সব কিছুর পেছনে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি। জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বিদেশি রাষ্ট্রদূতদের ভূমিকা সম্পর্কে আমরা সবাই অবগত।"
বর্তমান সরকারের রাজনৈতিক সংস্কার, সমঝোতা, সংলাপ এবং শীর্ষ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার ও মুক্তি সবই বিদেশিদের নির্দেশে বলেও মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের এই শিক্ষক।
হিজবুত তাহ্রীর মুখপাত্র অভিযোগ করেন, যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো বিদেশিদের সঙ্গে 'সমঝোতার প্রতিযোগিতা' শুরু করেছে। এ রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে নির্বাচিত ও অনির্বাচিত সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।
বর্তমান সরকার প্রতিষ্ঠিত ট্রুথ কমিশনকে 'শরিয়ত পরিপন্থী' আখ্যায়িত করে এর কঠোর সমালোচনা করেন জামিয়াতুস শাবাবের সভাপতি মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী।
সরকার ট্রুথ কমিশনের মাধ্যমে 'দেশের মানুষকে খ্রিস্টান বানানোর চেষ্টা করছে' বলেও অভিযোগ করেন তিনি।
মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের পর রাজনৈতিক মীমাংসার জন্য নেলসন ম্যান্ডেলার গঠিত ট্রুথ কমিশনের উল্লেখ করেন। তিনি বলেন, "খ্রিস্টানরা যেমন সারা সপ্তাহ ব্যাভিচারের পর একদিন গির্জায় গিয়ে স্বীকারোক্তি দিয়ে ক্ষমা পায় সে কায়দায়ই ব্যবসায়ী ও রাজনীতিকদের অপরাধ স্বীকার করানো হচ্ছে"।
সাবেক বিএনপি সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে ১০ বছর পেছনে নিয়ে গেছে।
বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম বলেন, "১৯০৬ সাল থেকে আন্দোলন শুরু করে ১৯৪৭ সালে আমরা পাকিস্তান পেয়েছি। আর '৪৭ এ যে কাজ করেছি তার ফসল পেয়েছি '৭০ সালে। আমরা তখন পদত্যাগ করতে বাধ্য হই। তারপরের ঘটনাতো সবাই জানেন।"
রাজধানীর নয়াপল্টনে গ্র্যান্ড আজাদ হোটেলে এ গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবদুল মুজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ গোলাম মওলা প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফডাব্লিউসি/জেকে/এসকে/২২৪৯ঘ.
bdnews24