রাজশাহী, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে গত ৪ আগস্ট অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলে মনে করেন সেখানকার ৯০ ভাগ ভোটাদাতা। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।
শুক্রবার সকালে এক মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে আইআরআই এর কান্ট্রি ডিরেক্টর জেফ ভ্যাননেস এ সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেন।
জরিপে অংশ নেয়া ৯০ ভাগ ভোটার বলেছেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলেই মনে করেন তারা।
৭৮ ভাগ ভোটার বলেছেন, তারা ভোট দেওয়ার সময় কোনো সমস্যা, ঝামেলা বা অনিয়মের শিকার হননি।
ভ্যাননেস বলেন, "যারা সেদিনের নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তাদের অধিকাংশই বলেছেন, ভোট দেওয়ার আগে তাদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়েছে।"
তিনি জানান, ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় গত ৪ আগস্ট রাজশাহীর ৫০টি ভোটকেন্দ্রে এ সমীক্ষা পরিচালিত হয়।
রাজশাহীর চেম্বার ভবনে এ মত বিনিময় সভা পরিচালনা করেন আইআরআই'র সিনিয়র প্রোগ্রাম অফিসার আমিনুল এহসান। স্থানীয় রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।
যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আইআরআই ২০০৩ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। বিশ্বের অন্তত ৭০টি দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং নির্বাচন পর্যবেক্ষণের কাজ করছে প্রতিষ্ঠানটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জেকে
bdnews24