নড়াইল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে প্রতিনিষ্ঠিত নিু মাধ্যমিক বিদ্যালয়টি এখনও সরকারের অনুমোদন পায়নি। নূর মোহাম্মদের জন্মস্থান নড়াইল সদরের চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগর) তার নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
শুক্রবার বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে তার পরিবার বিদ্যালয়টিকে দ্রুত অনুমোদন দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে।
তার বড় মেয়ে সুফিয়া শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৯৯ সালে আব্বার নামে প্রতিষ্ঠিত নিু মাধ্যমিক বিদ্যালয়টি এখনও এমপিওভুক্ত হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। বিদ্যালয়টি এমপিওভুক্তির জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।"
১৯৭১ এর স্মৃতিচারণ করে তিনি বলেন, "আব্বা আমাকে খুব ভালবাসত। আমাকে পাগল বলে ডাকত। শেষ দেখা হওয়ার দিন আমি আব্বাকে বলেছিলাম- আপনি বাড়ি না এলে আমরা ঈদ করব না। তিনি আর আসেননি।"
তার ছোট মেয়ে রোকেয়া বলেন, "আব্বার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এতদিনেও এমপিওভুক্তি না হওয়া অত্যন্ত দুঃখজনক।"
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নিু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার বলেন, "এ বিদ্যালয়ে পাঁচ-ছয়টি গ্রামের ১৭৫ জন শিক্ষার্থী লেখাপড়া করে। ২০০৬ সালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্কুলটিকে পাঁচ বছরের জন্য নিু মাধ্যমিক বিদ্যালয় হিসেবে অস্থায়ী স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির পরিপ্রেক্ষিতে এমপিওভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনও তা হয়নি।"
নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যালয়টি এমপিওভুক্তির জন্য সব কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে। আশাকরি খুব শিগগিরই সরকারি অনুমোদন পাওয়া যাবে।"
শুক্রবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে তার গ্রামের বাড়িতে স্থাপিত নূর মোহাম্মদ কমপ্লেক্সে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও ইফতার পার্টি হয়েছে।
এছাড়া সকালে পরিবারের সদস্যরা যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠের কবর জিয়ারত করেছেন।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের শার্শায় পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ জীবন দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24