ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নদীর পানি বাড়ায় ফরিদপুর, মুন্সীগঞ্জ, বগুড়া ও জামালপুর জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার কারণে এসব এলাকায় সুপেয় পানি ও খাবারের অভাব দেখা দিয়েছে। ফরিদপুর ও বগুড়ায় বাঁধ ভেঙে নদীর পানি ঢুকে পড়ায় নতুন অনেক এলাকা প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন সর্বাত্মক উদ্যোগের কথা বললেও দুর্গতরা জানিয়েছেন সাহায্যের পরিমাণ কম। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
ফরিদপুর:
বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপদ সীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভোরে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় তীর সংরক্ষণ বাঁধের ৩০ মিটার ধসে যাওয়ায় হাজীগঞ্জ বাজার হুমকির মুখে পড়েছে। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর উপজেলার চারটি বন্যাকবলিত ইউনিয়নের মধ্যে পদ্মানদী তীর সংলগ্ন বেড়িবাঁধের বাইরের ভাজনডাঙ্গা, সাদীপুর, গদাধরডাঙ্গি, বিলগজারিয়া ও আলিয়াবাদ গ্রামের কয়েকশ' পরিবার প্রায় দেড় মাস ধরে পানিবন্দি থাকায় কর্মহীন হয়ে পড়েছে। এসব এলাকায় পানীয় জল ও খাবারের অভাব রয়েছে। নৌকা বা ভেলায় করে দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে । গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।
সাদীপুর এলাকার আব্দুল আউয়াল জানান, ঘরের মধ্যে হাঁটু পানি। পরিবারের অন্যদের আত্মীয় বাড়ি পাঠিয়ে নিজে বাড়ি পাহারা দিচ্ছেন।
একই এলাকার মর্জিনা বলেন, "আমরা পানিতে ডুবে গেছি। কিন্তু কাছাকাছি কোথাও খাবার পানি নেই।"
ফাতেমা বেগম বলেন, "সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন সাহায্য না পেলে না খেয়ে থাকতে হবে। পানি, চাল ও চিড়া খেয়ে রোজা রাখছি। আর পারছিনা। সাহায্য দেন। আপনারা লিখে দেন- আমাদের কাজ নেই, খাবার নেই। বাঁচবো কিভাবে?"
বুধবার সন্ধ্যায় সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের মোনপচা গ্রামের কালু শেখের তিন বছরের ছেলে জেহাদ বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে মারা গেছে। সদরপুর উপজেলার আকটের চর, দিয়াড়া নারিকেলবাড়িয়া, চরনাসিরপুর, ঢেউখালী ও চরমানাইর ইউনিয়নে পানি বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানরা।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকউল্লাহ বৃহস্পতিবার জানান, পদ্মার পানির উচ্চতা স্থির রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পানি বাড়তে পারে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ফরিদপুরের জেলা প্রশাসক আক্তারুজ্জামান মো. মোস্তফা কামাল বলেন, "পূর্বাভাস আছে পানি বাড়তে পারে। আমরা সাধ্যমতো সাহায্য দিচ্ছি। পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় চন্দনবাইশার তালুকদারপাড়ায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার পর নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। ভাঙন এলাকা দিয়ে পানি প্রবেশ করে দড়িপাড়া, ভেলাবাড়ী, জোড়গাছার নিচু এলাকা ডুবে গেছে। দুর্যোগ কবলিত এলাকার মানুষ নিকটবর্তী তিনটি স্কুল ও বাঁধে আশ্রয় নিয়েছে।
বুধবার ভোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চন্দনবাইশা, কুতুবপুর, রৌহদহ, ঘুঘুমারী ও কামালপুর গ্রাম প্লাবিত হলে এসব এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়, নওখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আয়েশা-ওসমান উচ্চ বিদ্যালয়ে।
স্থানীয় চন্দনবাইশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন দুলাল জানান, ওই চারটি কেন্দ্রে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৭০টি পরিবারের সাড়ে ৮০০ মানুষ আশ্রয় নিয়েছে। পানি ঢুকে পড়ায় চন্দনবাইশা ডিগ্রি কলেজসহ চারটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার তালুকদারপাড়াসহ পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষকেই তাদের বাড়ি-ঘর সরিয়ে নিতে দেখা গেছে। স্থানীয় তিনমাথা মোড়ে দেখা মিললো ওই এলাকার নুরুল গায়েনের (গানের শিল্পী) স্ত্রী শেফালি খাতুনের। বৃহস্পতিবার সকাল থেকেই তার ঘরে পানি ঢুকতে শুরু করে। বাধ্য হয়ে মালামাল রিকশা-ভ্যানে তুলে শিশু ছেলেকে নিয়ে তিনি বেড়িয়ে পড়েছেন আশ্রয়ের সন্ধানে।
বাঁধ ভাঙ্গা স্রোত যাদের বাড়ি-ঘর ভাসিয়ে নিয়ে গেছে তাদের একজন শঙ্করী। চন্দনবাইশা স্পার সংলগ্ন উত্তরপাশে বাঁধের ওপর আশ্রয় মিললেও স্বামী-সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তার।
শঙ্করী জানালেন, দুর সম্পর্কের এক পিসির দেওয়া অল্প চালের ভাত ভাগাভাগি করে খেয়ে কোন রকমে বেঁচে আছেন তারা। সামনের দিনগুলো কীভাবে কাটবে সেটাই ভেবে পাচ্ছেন না।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার সিরাজুল হক জানান, আগের দু'দিন যমুনার পানি কমলেও বুধবার বাঁধ ভাঙার পর গত ২৪ ঘণ্টায় নদীতে স্রোত ও পানি দুইই বেড়েছে। নদীর পানি আগের দিনের তুলনায় চার সেন্টিমিটার বেড়ে বৃহস্পতিবার সকালে যমুনা বিপদ সীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিনি আরও জানান, শ্রমিক সঙ্কটের কারণে ক্রস বাঁধের পরিকল্পনা বাতিল করতে হয়েছে। বিকল্প বাঁধের যে অংশ ভেঙে গেছে তা মেরামত করতে পারলে যমুনার পানি নির্দিষ্ট এলাকার মধ্যে আটকে রাখা সম্ভব হবে।
বগুড়া জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, "ক্ষতিগ্রস্ত লোকদের জন্য তাৎক্ষণিকভাবে বরাদ্দ দেওয়া ২ মেট্রিকটন চাল ৪০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া যারা বাড়ি-ঘর হারিয়েছে তাদের সহায়তা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে।"
ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সেবায় একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ শহরে বন্যার পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার শহরের মানিকপুর ও গণকপাড়াসহ আশেপাশের অনেক ঘরে পানি ঢুকেছে। গণকপাড়া-মানিকপুর রাস্তাও জলমগ্ন হয়ে পড়েছে। এ এলাকায় নতুন করে কয়েকশ পরিবার পানিবন্দি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার এবং পদ্মা নদীর পানি ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীভাঙন মারাত্মক আকার ধারণ করায় টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ও পাঁচগাঁও এলাকার প্রায় ছয়শ পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এলাকার রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যাকবলিত হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় বন্যার্তদের মধ্যে চাল বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
জামালপুর:
জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার বন্যাপ্লাবিত ২৮ ইউনিয়নের পানি বন্দি লক্ষাধিক মানুষের দুর্ভোগ বেড়েছে। খাদ্য সঙ্কট ও বিশুদ্ধ পানীয় জলের অভাবে রোজায় বানভাসীদের দিন কাটছে চরম দুর্ভোগে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পুরাতন ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বন্যায় জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
সিভিল সার্জন ডা. দবির উদ্দিন জানান, বন্যা কবলিত এলাকায় ডায়রিয়াসহ নানা রকম রোগ দেখা দেওয়ায় জেলায় ৭৭টি মেডিকেল টিম কাজ শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসকে/
bdnews24