২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ আরো একমাস বাড়িয়েছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ আরো একমাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মনোয়ার হোসেন আকন্দ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 11:20 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ আরো একমাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মনোয়ার হোসেন আকন্দ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, "আগের সাময়িক মুক্তির আদেশের ধারাবাহিকতায় আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।" এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো এবং তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের জন্য স্বামী ড. এম ওয়াজেদ মিয়া প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেছিলেন। এর পরই শেখ হাসিনার মুক্তির মেয়াদ ছয় সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। সে অনুযায়ী ৬ সেপ্টেম্বর তার সাময়িক মুক্তির চলতি মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এদিকে এর কিছু আগে বৃহস্পতিবার বিকেলেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আর আবেদন করা হবে না বলে জানিয়েছিলেন তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ। সেসময় তিনি ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আর আবেদন না করার ব্যাপারে হাসিনা নিজেই নির্দেশ দিয়েছেন।" ১১ মাস কারাবন্দি থাকার পর গত ১১ জুন বিশেষ ব্যবস্থায় শেখ হাসিনাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। মুক্তির পরদিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। আওয়ামী লীগ বর্তমানে প্রধান সেখানেই অবস্থান করছেন। সাময়িক মুক্তির মেয়াদ বাড়াতে আর আবেদন না করার বিষয়ে শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মনে করি, ওনার (শেখ হাসিনা) মুক্তির মেয়াদ বাড়াতে আর আবেদন করার প্রয়োজন নেই। সরকার ওনার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত আছে। সরকার চাইলেই নির্বাহী আদেশে মুক্তির মেয়াদ বাড়াতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/এএল/এমএসবি/এসকে/১৭৫১ঘ.