২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনাঞ্চলের নৌযান শ্রমিকরা কাজে ফিরেছেন

অন্তর্বর্তীকালী ভাতা পরিশোধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে খুলনাঞ্চলের নৌযান শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টার পর তারা আবার কাজে ফিরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অন্তর্বর্তীকালী ভাতা পরিশোধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে খুলনাঞ্চলের নৌযান শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টার পর তারা আবার কাজে ফিরে গেছেন। সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ত্রিপাক্ষিক বৈঠকে নৌযান শ্রমিকদের অর্ন্তবর্তীকালীন ভাতা পরিশোধের আশ্বাস দেওয়ায় মধ্য দিয়ে গত ৪৮ ঘন্টার এই কর্মবিরতির অবসান হল। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাশেম মাস্টার বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "ত্রিপাক্ষিক বৈঠক সফল হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের অন্তর্বর্তীকালীন বর্ধিত ভাতা প্রদানের দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।" সকাল ১১টার পর শ্রমিকরা আবার কাজে যোগ দিয়েছেন বলে তিনি জানান। কাশেম মাস্টার জানান, সকাল ১০ টায় বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌ-পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও সরকার পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে গত ১ জুলাই থেকে খুলনাঞ্চলের নৌযান শ্রমিকদের পাওনা অর্ন্তবর্তীকালীন ভাতার টাকা আগষ্ট মাসের বেতনের সঙ্গে পরিশোধের সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন- নৌযান মালিক সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মোহম্মদ শাহ জাহান মোল্ল্যা, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. শাহ আলম প্রমূখ। খুলনা বিভাগীয় আভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক গ্র"পের সভাপতি ওয়াহিদুজ্জামান খান পল্টু বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা শ্রমিকদের বর্ধিত ভাতা প্রদানে সম্মত হয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী বার্জের লস্কররা তাদের বর্তমান বেতনের সঙ্গে বাড়তি আটশ' টাকা, সুকানিরা সাড়ে আটশ' টাকা এবং সারেংরা নয়শ' টাকা করে পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিতি/এমএসবি/১৬০৬ ঘ.