বগুড়া, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ জনতা বুধবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে। এর আগে তার পল্লী বিদ্যুত সমিতির অভিযোগ কেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ চলে। পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
পুলিশ সুপার আকরাম হোসেন সাংবাদিকদের বলেন, "রাত সাড়ে ৯টার দিকে উত্তেজিত লোকজন মহাসড়ক অবরোধ করলে শত শত যানবাহন আটকা পড়ে। মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।"
তিনি জানান, পুলিশের হস্তক্ষেপে রাত ১১টার দিকে লোকজন মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বগুড়া পবিস'র মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, বুধবার তারাবীহ নামাজের সময় বিদ্যুৎ না থাকায় এলাকার লোকজন অভিযোগ কেন্দ্রে অভিযোগ দিতে যায়। কিন্তু সেখানে কোনো কর্মকর্তাকে না পেয়ে তারা ফিরে যায়। তারাবীহ নামাজ শেষে আবারও ওখানে গিয়ে কাউকে না পেয়ে কেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও অগ্নি সংযোগ করে এবং মহাসড়ক অবরোধ করে।
তিনি জানান, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০৪৩ ঘ.
bdnews24