ঢাকা, ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালমাটিয়ায় বুধবার দুপুরে সন্ত্রাসীদের গুলিতে মাসুদ পারভেজ (৩০) নামে একটি ভবন-নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা খুন হয়েছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ২টার দিকে লালমাটিয়া ই ব্লকের ২/২ নম্বর বাসার সামনে এই হত্যার ঘটনা ঘটে। নিহত মাসুদ পারভেজ 'শেলটেক' নামে একটি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা (বিজনেস এক্সিকিউটিভ)।
তিনি জানান, মাসুদ পারভেজ ও তার কয়েকজন সহকর্মী ঘটনাস্থলের কাছে গাড়ি রেখে একটি ঠিকানা খুঁজছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। সহকর্মীরা তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে বাঁচানোর প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।
স্থানীয় এক দোকানদারের উদ্ধৃতি দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা মটর সাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
সন্ত্রাসীরা কেনো তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২১১৪ ঘ.
bdnews24