ঢাকা ,০৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সত্যতা ও জবাবদিহিতা কমিশন আর্থিক অনিয়মের দায়ে ১১ জনকে সরকারি কোষাগারে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা জমা দেওয়ার আদেশ দিয়েছে।
দুইদিনের শুনানি শেষে তাদের এ আদেশ দেওয়া হয়। অপরাধ স্বীকার করে ক্ষমা পাওয়ার সুযোগ দিতে গঠিত 'ট্রুথ কমিশন' নামে পরিচিত বহুল আলোচিত কর্তৃপক্ষটির এটাই প্রথম রায়।
'ট্রুথ কমিশন' কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বুধবার দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফ্রিংয়ে এ তথ্য জানিয়ে বলেন," দুইদিনে যে ১১জনের শুনানি হয়েছে তাদের সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার এটা প্রাথমিক আদেশ। টাকা জমা দিয়ে চালান রশিদ দেখানোর পর চুড়ান্ত রায় দেওয়া হবে।"
বুধবার মোট ৭জনের শুনানি অনুষ্ঠিত হয়। এই নিয়ে তিন দিনে ১৮জনের শুনানি হলো। বৃহস্পতিবার ৮জনের শুনানি হবে।
কমিশন চেয়ারম্যান জানান, যাদের শুনানি নেওয়া হয়েছে তারা অবৈধভাবে টাকা উর্পাজনের কথা স্বীকার করে যে সব তথ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের দেওয়া তথ্যের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়েছে।
দুইপক্ষের তথ্যের মধ্যে খুব একটা গরমিল পাওয়া যায়নি বলে উল্লেখ করেন চেয়ারম্যান।
হাবিবুর রহমান খান বলেন, যাদের টাকা জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে তারা অনুতপ্ত হয়ে ভবিষ্যতে দুর্নীতি করবেন না বলে প্রতিশ্র"তি দিয়েছেন। তবে তারা কোনো তথ্য গোপন করলে এবং পরে তা প্রকাশ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার পথ খোলা থাকবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পত্তি টাকাতে রূপান্তর করে সে অনুযায়ী আদেশ দেওয়া হয়েছে।
অবৈধভাবে অর্জিত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে কি না এ প্রশ্ন করা হলে হাবিবুর রহমান খান বলেন, "ভবিষ্যতে হয়তো সম্পত্তির বিষয়টি পৃথকভাবে দেখা হবে।"
রাজনৈতিক এবং ব্যবসায়ীদের কাছ থেকে সাড়া না পাওয়ার কথা এসময় আবার উল্লেখ করেন চেয়ারম্যান।
শুনানিতে যাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন,"একদিন অবশ্যই নাম প্রকাশ পাবে।"
ট্রুথ কমিশনে এ পর্যন্ত ১৯৯ জন আবেদন করেছেন।
সংবাদ ব্রিফিংয়ে কমিশনের অন্য দুই সদস্য মেজর জেনারেল (অব.) মনজুর রশিদ এবং আসিফ আলী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৮৩৩ঘ.
bdnews24