বাগেরহাট, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জের ব্যবসায়ী এনামুল হাসান লিমন হত্যা মামলার রায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. রেজাউল করিম বুধবার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হচ্ছে- মোরেলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের মোহন খলিফা (২৫), পূর্ব সরালিয়া গ্রামের রফিকুল ইসলাম শেখ (২৫) এবং বারৈখালী গ্রামের ওহিদুল হাওলাদার (২৬)।
আদালত দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করেছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি জরিনা বেগমকে (৪২) আদালত খালাস দিয়েছে। তিনি ফাঁসির আদেশ পাওয়া রফিকুলের মা।
রায়ের সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিল।
মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকার 'ভাই ভাই এন্টারপ্রাইজ' নামে একটি মোবাইল ফোনের দোকানের মালিক লিমনকে ২০০৬ সালের ২ ফেব্র"য়ারি নিখোঁজ হন। ১০ দিন পরে উত্তর সরালিয়া গ্রাম থেকে লিমনের লাশ উদ্ধার হয়।
ওই ঘটনায় নিহতের বড় ভাই মেহেদী হাসান লিটন বাদি হয়ে চার জনকে আসামি করে মামলা দায়ের করেন। ১৩ ফেব্র"য়ারি পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
দণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিতে জানায়, সোনার আংটি, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তারা শ্বাসরোধে লিমনকে হত্যা করেছিল।
মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস শিকদার ২০০৬ সালের ২২ এপ্রিল চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৯ ঘ.
bdnews24