নরসিংদী, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বুধবার ভোরে নরসিংদী শহরের চৌয়ালা এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর করেছে জনতা। ওই সময় তারা নয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আবার হামলার আশঙ্কায় বিদ্যুৎ কার্যালয়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহা-ব্যবস্থাপক (জিএম) সৈয়দ ওয়াহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফজরের নামাজ শেষে ৭/৮ শ লোক আমাদের কার্যালয়ে হামলা চালায়। তারা দরজা-জানালা ভাঙচুর করে এবং কার্যালয়ের সামনে থাকা একটি জিপ, দুটি পিকআপ ভ্যান ও ছয়টি মোটর সাইকেল ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।"
হামলায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বিদ্যুৎ কর্মকর্তা অভিযোগ করেন, "হামলার সময় বিদ্যুৎ কার্যালয়ে পাহারায় নিয়োজিত আনসার সদস্যদের ভূমিকা নীরব ছিল।"
এ বিষয়ে কর্তব্যরত আনসার সদস্য ফরিদ উদ্দিন বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় কোনও ব্যবস্থা নেওয়া যায়নি।"
"আর ১০ জন আনসার দিয়ে এক হাজার লোককে মোকাবেলা করা সম্ভব ছিল না", মন্তব্য করেন তিনি।
বিদ্যুতের দাবিতে গত ২৪ আগস্ট নরসিংদীর তাঁত শ্রমিকরা একই পল্লী বিদ্যুৎ কার্যালয় ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। তখন পুলিশ ও সেনাবাহিনী পুরো কার্যালয় ঘিরে রাখায় কার্যালয়ের কোনও ক্ষতি হয়নি।
নরসিংদী শহরে মঙ্গলবার বেশ কয়েক দফা লোডশেডিং হয়। সকালে কয়েকঘণ্টা বিদ্যুৎ ছিল না। বিকেল চারটা থেকে ইফতারের সময় পর্যন্ত, তারাবির নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। সেহরির পর আবার লোডশেডিং শুরু হয়। এরপরই বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর চালায়।
সকালে হামলার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে। তবে আবার হামলার আশঙ্কায় বিদ্যুৎ কার্যালয়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে সকাল থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত নরসিংদী শহরে বিদ্যুৎ ছিল না।
বিদ্যুৎ না থাকার বিষয়ে সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, "শহরে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বদলে আমরা পাচ্ছি মাত্র ১৮ মেগাওয়াট। গতকাল (মঙ্গলবার) পেয়েছি আরও কম। মাত্র ১৭ মেগাওয়াট। ফলে আমরা পর্যাপ্ত সরবরাহ দিতে পারছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৪৩০ ঘ.
bdnews24