ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন শ্রমিকের মৃত্যুর গুজব কেন্দ্র করে মঙ্গলবার গাজীপুরের একটি সোয়েটার কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। শ্রমিকদের হটাতে পুলিশ লাঠিপেটা করলে দু'পক্ষের সংঘর্ষে আহত হয় কমপক্ষে ৬০জন।
এদিকে, সাভারে বিশ্বাস গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরের লাওজোড় এলাকার দিগন্ত সোয়েটার কারখানায় মঙ্গলবার সকালে তিন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে খবর রটে ভুতের আছরে তাদের মৃত্যু হয়েছে। এক পর্যায়ে ক্ষুব্ধ কয়েক হাজার শ্রমিক কারখানায় ভাংচুর চালায়। একদল শ্রমিক সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধকারী শ্রমিকদের লাঠিপেটা করে সরিয়ে দিতে গেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত গাজীপুরের লাওজোড় থেকে ভোগড়া চলা সংঘর্ষে শ্রমিক-পুলিশসগ কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। এদের মধ্যে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম ও শ্রমিক আমীর হেসেনের (৩০) আঘাত গুরুতর। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় শ্রমিকরা চান্দানা চৌরাস্তায় আরো কয়েকটি পোশাক কারখানা ও প্রিমিয়ার ব্যাংকের একটি শাখার ভবনের বাইরের কাঁচ ভাংচুর করে।
কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও পুলিশ জানায়, বেলা ১০টার দিকে দিগন্ত সোয়েটারের শ্রমিক সাবিনা (১৮) শৌচাগারে গিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। আধঘণ্টার মধ্যে আরো দুই শ্রমিক অসুস্থ হয়। চিকিৎসার জন্য কাছেই একটি ক্লিনিকে নেওয়া হলে গুজব রটে এদের মৃত্যু হয়েছে। এতে দিগন্ত সোয়েটারের কয়েক হাজার শ্রমিক কাজ ফেলে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে।
তারা কারখানা ভবনের সামনে রাখা দুটি গাড়ি ভাংচুর করে। আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা বাধা দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শ্রমিকরা ইট ছুড়ে কারখানার জানালার কাঁচ ভাংচুর করে।
পুলিশের বাঁধা পেয়ে শ্রমিকরা কারখানা সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা সড়কের পূর্ব অংশে অবস্থান নিয়ে পুলিশের প্রতি ইট নিক্ষেপ করে। পুলিশ সদস্যরা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের চান্দনা চৌরাস্তার দিকে হটিয়ে দেয়। বেলা ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দিগন্ত সোয়েটার কর্তৃপক্ষ 'ভুতের আছর থেকে মুক্তি পেতে' শ্রমিকদের দাবি অনুযায়ী বুধবার দুপুরে মিলাদ, কারখানায় ঝাঁড়ফুক ও মসজিদ নির্মাণের প্রতিশ্র"তি দিয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, "দেশের অন্যতম বড় এ কারখানায় ১৮ হাজার শ্রমিক কর্মরত। সুপরিকল্পিতভাবে ভুতের অজুহাত তুলে কারখানাটি ধ্বংসের চক্রান্ত চলছে।"
সাভার প্রতিনিধি জানান, সাত দফা দাবিতে সাভারের 'বিশ্বাস গামের্ন্টস লিমিটেড'- এর শ্রমিকরা গত দুদিন ধরে কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার দুপুরে বিজিএমইএ কর্মকর্তারা এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিষ্ঠানের সুইং সুপারভাইজার সাইফুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি হচ্ছে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ, সাপ্তাহিক ছুটির দিনে কাজ করলে দ্বিগুণ ওভারটাইম, বেতন পাঁচশ টাকা বৃদ্ধি, ঈদ বোনাস, দুপুরের খাবার বিল ছয়শ টাকা করা, গাড়ি ভাড়া তিনশ টাকা এবং ইফতার বাবদ ২০ টাকা করে দেওয়া।
এ ব্যাপারে কারখানায় উপস্থিত বিজিএমইএ সিনিয়র এক্সিকিউটিভ আবুল হোসেন জানান, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চাইলেও দাবি না মানা পর্যন্ত তারা কারও সঙ্গে কথা বলবে না বলে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২২৯ ঘ.
bdnews24