সাতক্ষীরা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে মানহানির অভিযোগে জাতীয় ও স্থানীয় পত্রিকার চারজন সম্পাদক ও প্রকাশকসহ আটজনের বিরুদ্ধে সাতক্ষীরার একটি আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সুমন জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
হাকিম জাকারিয়া হোসেন মামলা (নম্বর- ১২৬৮) গ্রহণ করে আগামী ২৯ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন। ওই তারিখে আসামিদের আদালতে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
মামলার আসামিরা হলেন- দৈনিক ইনকিলাব এর সম্পাদক এ এস এম বাহাউদ্দীন, একই পত্রিকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা রবিউল ইসলাম, দৈনিক আমাদের সময় এর সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খান, একই পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, একই পত্রিকার শ্যামনগরের ব্যুরো প্রধান শেখ আব্দুল হাকিম, দৈনিক কাফেলা'র সম্পাদক আমিনা বেগম ও এর শ্যামনগর প্রতিনিধি এম হুমায়ূন কবীর।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ২৯ ৩০ ও ৩১ আগস্ট এই চারটি পত্রিকা বাদী আনিসুজ্জামান সুমনসহ শ্যমনগরের কয়েকজন সাংবাদিকের নেতৃত্বে 'শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা'সহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।
এ সংবাদটি মিথা ও বানোয়াট। এ ধরনের কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড সেখানে ঘটেনি। এ ধরনের মিথ্যা সংবাদ পত্রিকায় প্রকাশ হওয়ায় সুমনসহ অপর সাংবাদিকদের পেশাগত ভাবমূর্তি ও সম্মান নষ্ট হয়েছে।
এই সম্মান হানির ফলে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন বাদী সুমন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24