ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান উপলক্ষে সরকার চলতি মাসেই ভিজিএফ কর্মসূচি চালু করবে। এ জন্য সারাদেশে প্রায় ৭৫ হাজার টন চাল বরাদ্দ করা হয়েছে এবং ৭০ লাখ কার্ড বিতরণের কাজ চলছে।
সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, ভিজিএফ কর্মসূচির আওতায় বন্যাকবলিত, মঙ্গাপীড়িত ও ঘূর্ণিঝড়ে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাসহ ২২ জেলায় প্রতিটি ইউনিয়নে দেড় হাজার কার্ড বিতরণ করা হবে।
জেলাগুলো হচ্ছে- গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, ঢাকা (আংশিক), চাঁপাইনবাবগঞ্জ (আংশিক), সিলেট, সুনামগঞ্জ, মাদারীপুর, বগুড়া, টাঙ্গাইল, মানিগঞ্জ, রংপুর, লালমনিরহাট, নীলফামরী, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও বাগেরহাট।
আর দেশের বাকি জেলাগুলোর প্রতিটি ইউনিয়নে দেয়া হবে এক হাজার করে কার্ড। প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল দেয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার বন্যা কবলিত এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে চলতি মাসেই ১৫টি জেলায় টিআর (টেস্ট রিলিফ) কর্মসূচি চালু করবে। এজন্য জেলাগুলোতে ১৬৫০ টন চাল ও ৭০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
এসব জেলায় খয়রাতি সাহায্য হিসেবে ইতোমধ্যে প্রায় সাত লাখ টাকা ও ২৯৫ টন চাল বিতরণ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২০০৩ ঘ.
bdnews24