মেহেরপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলার রোববার গভীর রাতে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- কাথুলী ইউনিয়নের সীমান্তবর্তী ধলা গ্রামের মুসলিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৫), ইন্তাদুল ইসলাম (৩৭) ও রুহুল আমিন (২৯)।
এর মধ্যে জাহিদুল কাথুলী ইউনিয়ন পরিষদের ধলা (৫ নং ওয়ার্ড) ইউপি সদস্য ও পুলিশিং কমিটির সভাপতি। অপর ভাই ইন্তাদুল বিএনপি-র ধলা গ্রাম কমিটির সাধারণ সম্পাদক। রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
পাঁচ ভাই এবং তিন বোনের মধ্যে এই তিন ভাই বাড়ি থাকতেন। বাকি দুই ভাই জাহাঙ্গীর ও আল-আমীন বিদেশে অবস্থান করছেন।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- একই এলাকার তোজাম, সিদ্দিকের ভাই আজিজুল ও তার চাচাত ভাই নাহারুল ইসলাম হিতু এবং মালেক। এদের মধ্যে তোজাম স্থানীয় সন্ত্রাসী দুখুর চাচাত ভাই। গত ইউপি নির্বাচনে দুখু ও মালেক পরাজিত হয়েছিলেন জাহিদুলের কাছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, রোববার রাত ২টার দিকে ১০/১২ জন সন্ত্রাসী ভারত সীমান্ত অতিক্রম করে ধলা গ্রামে জাহিদুলদের বাড়িতে হানা দেয়। এসময় সন্ত্রাসীদের প্রত্যেকের মূখ কাপড় দিয়ে বাধা ছিল।
সন্ত্রাসীরা তিন ভাইয়ের পৃথক বাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তাদের খুন করে চলে যায়। তারা পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সীমান্তের ৩৫ ও ৩৬ মেইন পিলারের মাঝ পথ দিয়ে ভারতে ঢুকে পড়ে।
নিহতদের পরিবার ও গ্রামবাসীর বরাত দিয়ে ওসি জানান, জাহিদুলদের তিন ভাই বিএনপির সঙ্গে যুক্ত। স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচন ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছে। তারা জানায়- ২০০২ সালে স্থানীয় পরিষদ নির্বাচনে ৩৬৫ ভোট পেয়ে জাহিদুল ধলা গ্রামের ইউপি সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মালেক ৩৬২ এবং মিনহাজ উদ্দিন দুখু ৩৪০ ভোট পেয়েছিলেন।
মালেক ও দুখু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে তিনি জানান।
ওসি মতিয়ার জানান- রাজনৈতিক দ্বন্দ্ব ও আগামী নির্বাচনে নিজের পথ পরিষ্কার করার লক্ষ্যেই স্থানীয়দের সহযোগিতাই দুখু বাহিনী এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ড সম্পর্কিত অনেক তথ্য দিয়েছে বলেও ওসি জানিয়েছেন।
মেহেরপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান- দুখু, সিদ্দিকসহ এলাকার কয়েকজন সন্ত্রাসীই এখন আইন শ্খৃংলা ঠিক রাখার পথে বড় বাধা। গ্রামটি সীমান্তবর্তী হওয়ায় এবং খুব সহজেই তারা সীমান্ত অতিক্রম করে যে কোন অঘটন ঘটিয়ে আবার ভারতে আশ্রয় নিতে পারে বলে পুলিশ তাদের ধরতে পারছে না।
হত্যাকাণ্ডে খবর শুনে মেহেরপুর জেলা প্রশাসক আমজাদ আলী খান, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ও র্যাব কমান্ডার মেজর কামাল পাশা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৯ ঘ.
bdnews24