কুড়িগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামে আবারও ঝড়ের আঘাতে প্রায় পাঁচ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলার চিলমারী ও উলিপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে আহত হয়েছেন ছয়জন।
প্রায় ১৫ মিনিট স্থায়ী ঝড়ে দুই উপজেলার তিন ইউনিয়নের ২৬টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে এক হাজারের বেশি গাছপালা ভেঙে ও উপড়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ লাইন।
এর আগে শনিবার রাতে টর্নেডোর আঘাতে কুড়িগ্রামের ছয়টি গ্রামের প্রায় ২১৬টি ঘর-বাড়ি এবং নীলফামারীর চার ইউনিয়নে বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়।
উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল জানান, উপজেলার কৃষ্ণমঙ্গল, কৃষ্ণমোহন, গুনাইগাছ, শুকদেব, পূর্ব কালুভাঙা, হাজিপাড়া ও নন্দনফেরা গ্রামের ঝড় আঘাত হেনেছে। এসব গ্রামের ১৩৫টি পরিবারের তিন শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে কৃষ্ণমঙ্গল গ্রাম।
তিনি বলেন, এ গ্রামে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে আহত হয়েছেন চারজন। এরা হলেন- নয়া (৪৫), শাহীন (২), শহীদুল (২২) ও তাহের (৭৫)। এদের মধ্যে গুরুতর আহত নয়া ও শহীদুলকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এছাড়া কৃষ্ণমোহন গ্রামে আহত হয়েছেন আরও দুজন। এরা হলেন- মনিরা (৬০) ও তাহেরা খাতুন (৫০)।
ইউপি চেয়ারম্যান কফিল জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই দরিদ্র। এদের জরুরিভিত্তিতে সাহায্য প্রয়োজন।
কৃষ্ণমঙ্গল গ্রামের আছর উদ্দিন (৬০) বলেন, রাত সাড়ে ৯টার দিকে টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। এ সময় ঝড় আঘাত হানে। চোখের পলকে লণ্ডভণ্ড হয়ে গেছে গ্রাম।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কুড়িগ্রামের যৌথবাহিনীর উপ-অধিনায়ক মেজর কাদের ও তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকার ভিত্তিতে ত্রাণ দেওয়া হবে।
চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল করিম জানান, কয়ারপাড়া, সোনারপাড়া, কোদাল ধোয়ার পাড়, ময়নার খামার, ভাটিয়া পাড়া, সরদারপাড়া, খামার, দক্ষিণ খামার, উত্তর খামার, পূর্ব সড়কটারী, খারুয়ারপাড়, যোগরীটারী, নয়াবশ, মাঝিপাড়া, মজারটারী ও কুটিরগ্রামে ঝড়ের আঘাতে ১০০ পরিবারের প্রায় ১৮০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন গ্রামে বিছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ লাইন।
এছাড়াও থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা, হাটিথানা ও রাজারভিটা গ্রামের বিকল্প বাঁধে আশ্রয় নেওয়া নদীভাঙ্গা ৩০টি পরিবারের ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের জরুরিভাবে ত্রাণ দেওয়ার জন্য তালিকা তৈরি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৩১ ঘ.
bdnews24