ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়েছে।
আগামী ৮ সেপ্টেম্বর সাক্ষ্য নেওয়ার নতুন তারিখ ধার্য করেছে আদালত।
সোমবার সকালে বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ তারিখ দেন। এ নিয়ে তৃতীয় বারের মত এ মামলার সাক্ষ্যগ্রহণ পেছানো হলো।
এর আগে গত ২৮ আগস্ট বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- ছয় সপ্তাহের মধ্যে এর কারণ ব্যাখা করতে সরকারকে নির্দেশ দিয়েছিল।
সোমবার সকালে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, "মামলাটিতে উচ্চ আদালতে রিট করা হয়েছে এবং উচ্চ আদালত সরকারের প্রতি রুল জারি করেছে। এ অবস্থায় উচ্চ আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ মামলা মুলতবি রাখা হোক।"
এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, উচ্চ আদালত মামলাটি স্থগিত করেনি। শুধু সরকারের প্রতি রুল জারি করেছে। সুতরাং মামলার কার্যক্রম চালাতে কোন বাধা নেই।
উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক আসামি পক্ষের আইনজীবীদের আগামী ৮ সেপ্টেম্বর আদালতে উচ্চ আদালতের রুলের অনুলিপি দাখিল করার নির্দেশ দেন। অনুলিপি দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এদিন মামলার বাদী আজম জে চৌধুরী ও অন্যতম আসামি শেখ ফজলুল করিম সেলিম আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬ আগস্ট মামলার বাদী আদালতে উপস্থিত না থাকায় এ মামলায় সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি।
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আজম জে চৌধুরী। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ১১ জুন হাসিনা চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পাওয়ার পর দিনই যুক্তরাষ্ট্রে যান। এ মাসেই তার ফিরে আসার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এএল/এসকে/১৩৩৫ঘ.
bdnews24