ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ১৭টি মানবাধিকার ও উন্নয়ন সংস্থার সমন্বয়ে গঠিত ফোরাম 'হিউম্যান রাইটস ফোরাম অন ইউনিভার্সাল পিরিঅডিক রিভিউ বাংলাদেশ'।
এটি সোমবার জাতিসংঘে পাঠানো হবে বলে জানিয়েছেন ফোরামের সদস্য আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিচারবহির্ভূত হত্যার ঘটনা অব্যাহত রয়েছে। এছাড়া আইনি হেফাজতে মৃত্যু, নির্যাতন ও ধর্ষণের ঘটনাও নিয়মিত। আর এসব ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিচারে সরকার নিরুৎসাহী। ধর্মীয় জঙ্গি সংগঠনগুলোর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও করেছে ফোরাম।
জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবাধিকার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন ফোরামের সমন্বয়কারী সাঈদ আহমেদ। এতে ২০০৪ সালের আগস্ট পরবর্তী চার বছরের চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, "দায়হীনতার সংস্কৃতি প্রতিরোধে সরকারগুলো ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বিচারবহির্ভূত হত্যা অব্যাহত রয়েছে। আইনি হেফাজতে মৃত্যু, নির্যাতন ও ধর্ষণের ঘটনাও নিয়মিতভাবে ঘটছে। এসব ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দায়ীদের বিচারের সম্মুখীন করতে সরকারের সুস্পষ্ট অনীহা দেখা গেছে।"
ফোরাম বলছে, "জরুরি অবস্থা জারি এবং জরুরি ক্ষমতা আইন ও বিধির ফলে মৌলিক অধিকারের প্রয়োগ স্থগিত হওয়া; নিবর্তনমূলক আটক ও গ্রেপ্তারের নিয়মিত প্রয়োগ, জামিন নিতে বাধা এবং মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিকার চাওয়ার বাধা বড় উদ্বেগের বিষয়।"
জরুরি অবস্থায় রাজনৈতিক এবং সুশীল সমাজের কিছু ব্যক্তির দুর্নীতির বিচারের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব দেখা গেছে বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে।
প্রতিবেদনে বলা হয়, "বর্তমান সরকারের সময়ে ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হওয়ায় অনেক নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হয়েছেন।"
জঙ্গি সংগঠনগুলোর বিষয়ে বলা হয়, "এ সংগঠনগুলোর সঙ্গে কতিপয় রাজনৈতিক শক্তির সম্পর্ক থাকার অভিযোগের বিষয়ে প্রাপ্ত তথ্য প্রকাশ না করা ধর্মীয় উগ্রপন্থার পুনরুত্থানের হুমকি অব্যাহত রেখেছে।"
ধর্মীয় ও জাতিগত (সমতলে ও পাহাড়ি এলাকায়) সংখ্যালঘুদের অধিকার রক্ষায়ও সরকারগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। নারী অধিকার, শ্রমিক অধিকার, প্রতিবন্ধী ব্যক্তির অধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরা হয়।
এতে আরও বলা হয়, "শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক সেবা এবং অন্যান্য অধিকার প্রাপ্তির ক্ষেত্রে ক্রমাগত দুর্নীতি এ সব ক্ষেত্রে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন কঠিন করে তুলেছে।"
প্রতিবেদনে বলা হয়, "বিচার বিভাগ পৃথকরণে আইনগত ও সাংগঠনিক কাঠামোগত ক্ষেত্রে কতিপয় পদক্ষেপ গৃহীত হওয়া সত্ত্বেও নিম্ন আদালতের কার্যকর পৃথকীকরণ এবং পর্যাপ্ত সম্পদ ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ রয়েই গেছে।"
প্রতিবেদন তৈরির সময়ে মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকোচনের অনেক নজির পাওয়া গেছে বলে এতে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, "বাংলাদেশ মানবাধিকার বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করলেও এসব চুক্তির বাস্তবায়নের ক্ষেত্রে তেমন অগ্রগতি নেই।"
সুলতানা কামাল জানান, তাদের এই প্রতিবেদনের পাশাপাশি সরকারিভাবেও একটি প্রতিবেদন জাতিসংঘে দেওয়া হবে।
সাঈদ আহমেদ বলেন, "আমরা আশা করি, সরকারি প্রতিবেদনে আমাদের উদ্বেগের বিষয়গুলো স্থান পাবে।"
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম, নিজেরা করি'র খুশী কবীর, বিলস'র মুজিবুর রহমান ভূইয়া, এসটিডি'র রঞ্জন কর্মকার, নাগরিক উদ্যোগ'র জাকির হোসেন, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন'র মনিরা রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/এমএইচবি/২০২৬ ঘ.
bdnews24