চাঁপাইনবাবগঞ্জ ,আগষ্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জে এক কিশোরকে হত্যার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অনুপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাথানপাড়া গ্রাামের কুফুর উদ্দীনের ছেলে সেন্টু মণ্ডল, এরফান হোসেনের ছেলে মতি ওরফে মতিউর রহমান ও মৃত নুরুদ্দীনের ছেলে সোহরাব।
এদের মধ্যে সেন্টু ও মতিউর রহমান রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। সোহরাব ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
মামলার অপর আট আসামি বেকসুর খালাস পেয়েছেন।
১৯৯৫ সালের ১৩ জুলাই গভীর রাতে পূর্ব শত্র"তার জের ধরে সদর উপজেলার বাথানপাড়া গ্রামে মো. মিজানুর রহমান (১৪) খুন হয়।
মিজানুর রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সারেংপুর গ্রামের মো. মোসলেম ওরফে ঝাটুর ছেলে। সে ওই দিন বাথানপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল।
পরদিন নিহতের চাচা মন্টু মণ্ডল ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ১৯৯৭ সালের ১৯ নভেম্বর সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবু মোকাদ্দেস আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24