ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম শপিং সেন্টার আনন্দবাজারে সবজি দাম নিয়ে বচসা কেন্দ্র করে দুই এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে ২০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কান্দিপাড়া এলাকার শাহ আলাল সকাল ১০টার দিকে সবজি কিনতে আনন্দবাজারে যান। বিরাসার এলাকার সবজি বিক্রেতা তার কাছে বেশি দাম চাইলে দুজনের মধ্যে বচসা হয়। এ ঘটনার জের ধরে বিরাসার ও কান্দিপাড়ার এলাকার লোকজন নৌকা ও টেম্পুতে ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় অন্তত একশ দোকানে ভাংচুর ও লুটপাট হয় বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রথম পর্যায়ে তারা ব্যর্থ হয়। বেলা দেড়টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, আনন্দবাজারসহ শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮০৫ ঘ.
bdnews24