পাবনা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সুজানগর উপজেলার শ্রীপুর বাজারের কাছে শনিবার দুপুরে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা এ তথ্য জানিয়েছে।
চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুটি লাশ নিমজ্জিত বাসের মধ্যে রয়েছে বলে পুলিশ জানায়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ২টার দিকে কাশীনাথপুর থেকে সুজানগর উপজেলার নাজিরগঞ্জগামী বাসটি অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।"
উদ্ধার করা চারটি লাশের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুজানগর উপজেলার হেমরাজপুর গ্রামের আজিজুল ইসলাম (৫০), কামালপুর গ্রামের জাহানারা বেগম (৩৫), উলাট গ্রামের কাওসার (১৫) ও বাদাই গ্রামের ইউনুস (২২)।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। পরে পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগায়।
স্থানীয়রা জানিয়েছে, বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল।
পুলিশ কর্মকর্তা তরিকুল বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এর ভেতর দুটি লাশ রয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বাসচালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৭০০ ঘ.
bdnews24