২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির গন্ধমুক্ত হতে বিচারপতি ফজলুল হকের ২৫ লাখ টাকা অপব্যয়!

দুর্নীতি দমন কমিশনের তালিকা থেকে নাম বাদ দিতে ইয়াজউদ্দীনের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি ফজলুল হক এক প্রতারক চক্রকে প্রায় ২৫ লাখ টাকা দিয়েছেন বলে অভিযোগ করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশ এ চক্রের তিনজনকে গ্রেপ্তার করার পর বেরিয়ে এসেছে এ তথ্য। আবু নোমান সজীব জানাচ্ছেন সন্দেহভাজন দুর্নীতবাজ বিতর্কিত বিচারপতি ফজলুল হকের সঙ্গে 'প্রতারণার' গল্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 09:01 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিটিভির এক সাংবাদিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন বিটিভির সাংবাদিক নূরুজ্জামান ইকবাল (৩৫), কথিত প্রকৌশলী অমলেন্দু দাস (৫০) এবং বিচারপতি ফজলুল হকের এলাকার বাসিন্দা গোলাম আম্বিয়া (৫৭)। গ্রেপ্তার তিন ব্যক্তি বিচারপতি ফজলুল হকের নাম দুদকের তালিকা থেকে বাদ দেওয়ার আশ্বাস দিয়ে ওই টাকা নেয় বলে এ সংক্রান্ত এক মামলায় অভিযোগ করা হয়েছে। এ মামলার বাদী খন্দকার তৌফিক আলম নিজের পরিচয় দেন ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেনের পরিচালিত এনজিও জেএফএফ এর কর্মকর্তা হিসাবে। দুইদিনব্যাপী গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে জরুরি অবস্থা জারির পর নিজেকে প্রকৌশলী বলে দাবি করা অমলেন্দু দাসের নেতৃত্বে গ্রেপ্তারকৃতরা একটি প্রতারক চক্র গড়ে তোলেন। এর সদস্য সাবেক পুলিশ কনস্টেবল নুরুজ্জামান ইকবাল সাংবাদিক পরিচয়ের সুযোগ নিয়ে দুদকে জমা দেওয়া বিচারপতি ফজলূল হকের সম্পদের হিসাবের অনুলিপি সংগ্রহ করেন। পরে ফজলুল হকের দেশের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা গোলাম আম্বিয়া অনুলিপিটি নিয়ে তার আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেন। আম্বিয়া ফজলুল হকের পরিবারের কাছে সরকারের উর্দ্ধতন মহলের সঙ্গে অমলেন্দু দাস এবং সাংবাদিক নুরুজ্জামান ইকবালের সম্পর্ক আছে দাবি করে বলেন, তারা দুদকের সন্দেহভাজন দূর্নীতিবাজদের তালিকা থেকে ফজলুল হকের নাম বাদ দিতে সক্ষম। কমিশনার নাসিরউদ্দিন বলেন, এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফজলুল হকের ছেলে আফজাল হোসেন ওই প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যাপারটি দেখার জন্য তার পরিচালিত এনজিও জেএফএফ এর কর্মকর্তা খন্দকার তৌফিক আলমকে দায়িত্ব দেন। তৌফিক আলম পুলিশকে বলেছেন গত প্রায় এক বছরে তিনি কয়েক দফায় ওই 'প্রতারক চক্রটিকে' ২৪ লাখ টাকার বেশি পরিশোধ করেন। কিন্তু তারা প্রতিশ্র"তি অনুযায়ী বিচারপতি ফজলুল হকের নাম দুদকের তালিকা থেকে বাদ দিতে ব্যর্থ হয়। কমিশনার বলেন, টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিয়ে কাজ না হওয়ায় তৌফিক পুলিশের শরণাপন্ন হন এবং তাদের পরামর্শ অনুযায়ী শুক্রবার বিকেলে ধানমন্ডি থানায় বাদী হয়ে প্রতারণার অভিযোগে ৪২০ ধারায় মামলা দায়ের করেন। শুক্রবার রাতে তৌফিক আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলা করার কথা নিশ্চিত করে বলেন, আমি ডা.আফজাল হোসেনের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতাম।" ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণার আরো অনেক অভিযোগ রয়েছে। তিনি বলেন এরা গত এক বছরে এভাবে প্রতারণার মাধ্যমে কমপক্ষে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে পুলিশ নিশ্চিত তথ্য পেয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা অনুসন্ধানে নিশ্চিত হয়েছে যে সাংবাদিক নুরুজ্জামান একসময় পুলিশ কনস্টেবল ছিলেন এবং অনিয়মের অভিযোগে তার চাকরি যায়। গ্রেপ্তারকৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালতে রিমান্ড আবেদন জানানো হবে বলে ডিবি কর্মকর্তা জানান। ধানমন্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক নাসিমা আক্তার জানান, উপ-পরিদর্শক আমীরুল ইসলামকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ডিবি কর্মকর্তারা মামলাটি তত্ত্বাবধান করছেন। এদিকে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সাবেক আইন উপদেষ্টা বিচারপতি ফজুলল হকের বিরুদ্ধে দায়ের করা মামলায় বৃহস্পতিবার অভিযোগপত্র অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন। গত ১৩ মার্চ কমিশনের সহকারি পরিচালক মোহাম্মদ ইব্রাহিম রমনা থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, ফজলুল হক অবৈধভাবে ৯৭ লাখ ৩৭ হাজার ৪৪ টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীতে এই সম্পদের তথ্য গোপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/এফএফ/জিএনএ/০১৪৩ ঘ.