কিশোরগঞ্জ, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাস উল্টে এক জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
কিশোরগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
নিহতের নাম আব্দুর রশিদ (৪০)। তিনি করিমগঞ্জ উপজেলার রাজকুন্তি গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে নয় জনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হচ্ছে- নাসিম (২৬), মানিক মিয়া (৩০), সাহেরা (৪০), কানন (৩৫), রাজিব (৭), সচিব (১০), আ. মজিদ (৫৫), লুৎফুন্নেছা (৪৫) ও নজরুল (২৬)।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিশোরগঞ্জ থেকে চামড়া বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বৌলাই এলাকায় চালকের অসতর্কতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।"
এতে বাসযাত্রী রশিদ ঘটনাস্থলেই মারা যায়।
মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাসচালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩০৬ ঘ.
bdnews24