(সংশোধিত)
ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিভিন্ন মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, বিএনপি দলীয় সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও মোসাদ্দেক আলী ফালু এবং আওয়ামী লীগের সাবেক সাংসদ মহিউদ্দিন খান আলমগীর ও ওবায়দুল কাদেরকে বৃহস্পতিবার জামিন দিয়েছে উচ্চ আদালত।
এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায় কার্যক্রমের ওপর স্থগিতাদেশ তিন মাস বাড়ানো হয়েছে।
বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ।
পাশাপাশি এ মামলায় খালেদাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- আগামী ছয় সপ্তাহের মধ্যে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে তার কারণ জানাতে বলেছে আদালত।
হাইকোর্টের একই বেঞ্চ এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদাকে জামিন দিয়েছিল।
খালেদার আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এখন গ্যাটকো ও নাইকো মামলায় জামিন পেলে সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির পথে আর কোনো বাধা থাকবে না।
প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সাব্বির হত্যা ধামাচাপা দিতে ঘুষ নেওয়ার মামলায় তারেক রহমানকে দুই মাসের জামিন দিয়েছে।
আদালত বলেছে, স্বাস্থ্যগত কারণে তারেককে এ মামলায় জামিন দেয়া হলো।
জামিন আদেশের পর তারেকের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, তার মক্কেলের কারামুক্তিকে এখন আর কোনো আইনি বাধা নেই।
বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এদিন অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় মোসাদ্দেক আলী ফালুকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে।
এদিকে একই অভিযোগের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে ছয় মাসের জামিন দিয়েছে বিচারপতি তারিকুল হাকিম ও শেখ আবদুল আওয়ালের হাইকোর্ট বেঞ্চ।
এছাড়া কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত এবং একই অভিযোগে আ ফ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) বিরুদ্ধে দায়ের মামলার নথি তলব করেছে এই বেঞ্চ।
আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তিন মাসের জামিন দিয়েছে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও মাশুক হোসেন আহমেদের বেঞ্চ।
এছাড়া প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের আয়কর ফাঁকির মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০২৮ ঘ.
bdnews24