২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দীদের 'উন্নত চিকিৎসা' বনাম ওবায়দুল কাদেরের হাল

সংসদ ভবনের বিশেষ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্স এসে থামলো বিশেষ জজ আদালত-৯ এর সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 09:11 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবনের বিশেষ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি অ্যাম্বুলেন্স এসে থামলো বিশেষ জজ আদালত-৯ এর সামনে। পেছনের প্রিজন ভ্যানে থাকা কয়েকজন পুলিশ সদস্য নেমে দ্রুত অ্যাম্বুলেন্সটিকে ঘিরে ধরলেন। অ্যাম্বুলেন্সটির পেছনের দরজা খুলে দেওয়া হলো। ভেতরে শুয়ে থাকা ব্যক্তি বারবার বমি করছেন। ছটফট করছেন যন্ত্রণায়। এক সময় কেঁদে ফেললেন তিনি। এ ব্যক্তিটির নাম ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন সাবেক প্রতিমন্ত্রী। এমন অবস্থায়ই আলাদা দুইটি ঘুষের মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছিল। ওবায়দুল কাদেরের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ। চিকিৎসক গত ২৫ আগস্ট তাকে আগামী তিন সপ্তাহ নড়াচড়া না করার জন্য কারা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। তারপরও এভাবে একজন মানুষকে আদালতে আনা অমানবিক।" অ্যাম্বুলেন্সে শুয়ে কাতরাচ্ছেন এমন অবস্থায় ওবায়দুল কাদেরকে এজলাসে হাজির করা হয়। এজলাসে আরেক দফা বমি করেন তিনি। এ সময় বিচারক খোন্দকার কামাল উজ্জামান আসামিকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। তবে বিশেষ জজ আদালত-৭ এ আরেকটি মামলা থাকায় ওবায়দুল কাদেরকে অ্যাম্বুলেন্সে করে ওই আদালতে হাজির করা হয়। বেলা সাড়ে ১১ টার দিকে ওই আদালতের কার্যক্রম শেষে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে পাঠিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এফ এম গোলাম ফাত্তাহ বলেন,"কারা কর্তৃপক্ষ আসামিকে আদালতে পাঠিয়েছে। এ অবস্থায় আইনগতভাবেই বিচারক তার দায়িত্ব পালন করেন। আসামি সুস্থ না অসুস্থ তা দেখার দায়িত্ব কারা কর্তৃপক্ষের।" ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা তার শারীরিক অবস্থা 'খুবই গুরুতর' আখ্যা দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তাকে প্যারোলে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা বরাবর একটি আবেদন করেছি। কিন্তু এ বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।" ওবায়দুল কাদের এর আগেও কয়েক বার আদালতে অসুস্থ হয়ে পড়েন । তার বিরুদ্ধে তিনটি ঘুষের এবং দুর্নীতি ও কর ফাঁকির একটি করে মামলা বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/০৩০৬ ঘ.