ঢাকা, আগস্ট, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আপিলের ওপর শুনানি গ্রহণ করে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আপিলটি নিষ্পত্তি করে দেন।
হাইকোর্টের আদেশের ওপর আপিল বিভাগ কোন স্থগিতাদেশ দেয়নি। হাইকোর্টে বিচারাধীন রিট নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে উদ্যোগ নিতে নির্দেশ দেয় আপিল বিভাগ।
এনবিআরের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন অ্যাডভোকেট এম আর হাসান। তারেকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।
গত ১২ আগস্ট হাইকোর্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দিয়েছিল।
পাশাপাশি হাইকোর্ট মামলাটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অবৈধ ও আইন বহির্ভূতভাবে দায়ের করেছে বলে কেন ঘোষণা করা হবে না-এনবিআরের চেয়ারম্যান, ডেপুটি কমিশনার ও ঢাকার বিশেষ জজ আদালতের বিচারককে ছয় সপ্তাহের মধ্যে তার কারণ দর্শাতে বলেছিল।
গত ৪ আগস্ট তারেকের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালতে আয়কর ফাঁকির মামলাটি দায়ের করে জাতীয় রাজস্ব বোর্ড। মামলায় তার বিরুদ্ধে ২০০২-২০০৩ থেকে ২০০৫-২০০৬ অর্থবছরে ২৬ লাখ ৮৬ হাজার টাকার আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১০৩৭ঘ.
bdnews24