কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যাসোসিয়েশনের (ফেমা) বর্তমান সভাপতি একজন 'রাজনৈতিক ব্যক্তিত্ব' দাবি করে এ কারণে ভবিষ্যতে সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সংস্থাটিরই সাবেক দুই সভাপতি।
এই দুই সাবেক সভাপতি হলেন মুনিরা খান ও আবুল আহসান।
গত ২৩ আগস্ট ফেমার বার্ষিক সাধারণ সভায় বিকল্প ধারা বাংলাদেশ এর সাবেক সহ সভাপতি ফিরোজ এম হাসান সংস্থাটির সভাপতি নির্বাচিত হন।
মুনিরা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "রাজনীতির সঙ্গে জড়িত কোনো ব্যক্তি ফেমার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টিকে আমি সংস্থার গঠনতন্ত্রের লঙ্ঘন মনে করি। এর প্রতিবাদ জানিয়ে আমি সভাপতি পদ থেকে পদত্যাগ করি।"
তিনি জানান গঠনতন্ত্র অনুযায়ী কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সংস্থার সদস্যও নির্বাচিত হতে পারেন না। 'সংস্থার কোন সদস্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন- এমনটি দেখা গেলে তিনি সদস্য পদ হারাবেন' গঠনতন্ত্রের এ ধারা উল্লেখ করে মুনিরা খান বলেন, "এজন্যই আমি এবং ফেমার আরও কিছু সদস্য ফিরোজকে নিরপেক্ষতা প্রমাণ করে এ সংস্থায় যোগ দিতে বলেছিলাম।"
তবে অভিযোগ অস্বীকার করে ফিরোজ এম হাসান জানিয়েছেন, দেড় বছর আগেই তিনি বিকল্পধারা থেকে পদত্যাগ করেছেন। তাই তিনি এখন আর রাজনৈতিক ব্যক্তিত্ব নন।
তার এ যুক্তির জবাবে মুনিরা খান বলেন, "আমার মনে করি একবার কেউ রাজনীতির সঙ্গে যুক্ত হলে সবসময় তিনি রাজনৈতিক ব্যক্তিত্বই থাকেন।"
এর আগে আর কোন সভাপতি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না জানিয়ে ফেমার এই আজীবন সদস্য বলেন, "ফেমা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে; কেননা সংবিধান অনুযায়ী সংস্থাটি কাজ করতে ব্যর্থ হয়েছে। আর তাই নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে এর প্রতিবেদন প্রশ্নের মুখোমুখি হবে।"
মুনিরা খানের সঙ্গে একমত পোষণ করেছেন ফেমার আরেক সাবেক সভাপতি ও সার্কের সাবেক মহাসিচব আবুল আহসান। ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি সংস্থাটির সভাপতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কোন রাজনৈতিক ব্যক্তির ফেমার প্রধান হওয়া উচিত নয়। নতুন নির্বাচিত সভাপতি ফিরোজ বিকল্পধারার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ভবিষ্যতে ফেমার নির্বাচন পর্যবেক্ষণের নিরপেক্ষতা নিয়ে জনগণ সন্দেহ প্রকাশ করতে পারে।"
সংস্থাটিকে নিজেদের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলেও মন্তব্য করেন আবুল আহসান।
বর্তমান সভাপতি ফিরোজ এম হাসান জানিয়েছেন, যে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন সে সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন মুনিরা খান।
সবকিছুই গঠনতন্ত্র অনুযায়ীই হয়েছে দাবি করেন ফিরোজ।
বর্তমান সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, "প্রত্যেকেরই কিছু রাজনৈতিক বিশ্বাস বা আদর্শ থাকতে পারে। কারণ প্রত্যেকেই কাউকে না কাউকে ভোট দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এএল/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24