ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের মানব বন্ধন কর্মসূচি উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত কড়াকড়ি আরোপের কারণে বুধবার দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।
রাজধানীর অধিকাংশ বাসস্টপে মোতায়েন বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য কর্মসূচি চলাকালে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে।
এমনকি আসাদগেট, শ্যামলী, কল্যাণপুর, টেকনিকাল মোড় এবং মাজার রোড এলাকার বাসস্টপগুলোতে বিকেল সাড়ে চারটা থেকে প্রায় ছয়টা পর্যন্ত সাধারণ মানুষকে বাসে ওঠার জন্য রাস্তায় পর্যন্ত নামতে দেয়নি পুলিশ। কেউ রাস্তায় নেমে বাসে ওঠার চেষ্টা করলেই ধাওয়া করে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এছাড়া বাসস্টপগুলোতে যাত্রী নামা-ওঠার জন্য বাস থামতেও বাধা দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে অফিস ফেরত হাজারো মানুষ ঘরে ফিরতে দুর্ভোগের মুখে পড়ে। অনেকেই অফিস থেকে বের হয়ে রাস্তায় এসে হঠাৎ করেই 'পুলিশী অ্যাকশনের' মুখে পড়েন। বাধ্য হয়ে তাদের অনেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আশেপাশের বিপনীবিতান ও দোকানপাটে আশ্রয় নেন।
মতিঝিল এলাকায়ও পুলিশ পথচারীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি। বাসের জন্য অপেক্ষার কথা বললেও তাদের দ্রুত চলে যেতে বলা হয়।
কর্মসূচি শেষ হওয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হলে রাজধানীর সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক হয়। তবে এ সময় প্রত্যেকটি বাসস্টপে অপেক্ষমান শত শত যাত্রীর মধ্যে বাসে ওঠার তীব্র প্রতিযোগিতা শুরু হয়। বাসগুলো দীর্ঘ সময় দাঁড়িয়ে যাত্রী তোলার কারণে যানজট বেধে যায়।
রাজধানীর কল্যাণপুরে পাবনাগামী মডার্ন পরিবহনের কাউন্টারের সামনে অপেক্ষমান যাত্রী মামুন ও মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসা থেকে আসার পথে বাসে ওঠার সময় একবার পুলিশের ধাওয়া খাই। আবার এখানে এসে পৌঁছতেই হঠাৎ করে পুলিশের লাঠিচার্র্জের মুখে পড়ি। কাউন্টারে ঢুকে যে আশ্রয় নেবো সে উপায়ও ছিল না। ভাংচুরের আশঙ্কায় কাউন্টারের কর্মচারীরা আগেই দরজা-জানালা বন্ধ করে বসে আছে।
গার্মেন্টসে কাজ শেষে মোহাম্মদপুরের বাসায় ফেরার জন্য বিকেল সোয়া পাঁচটার দিকে টেকনিকাল মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন পোশাক শ্রমিক সাথী ও কল্পনা। তারা দুজন জানান, বাসের জন্য অপেক্ষা করার সময় পাশেই বিএনপি নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় হুড়োহুড়িতে রাস্তায় পড়ে গিয়ে দুজনই পায়ে আঘাত পেয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (সদর দপ্তর) মাসুদুর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারদলীয় জোটের মানববন্ধন কর্মসূচী উপলক্ষে রাজধানীতে মোতায়েন করা প্রতিদিনের স্বাভাবিক ফোর্সের চেয়ে বুধবার আর্মড পুলিশ ও এবং রিজার্ভ ফোর্সসহ আরো অতিরিক্ত মোট ২ হাজার আটশ' পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এর বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর আরো প্রায় হাজারখানেক সদস্য মোতায়েন ছিল।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্য তার বড় ছেলে তারেক রহমানকে বিদেশ পাঠানোর দাবিতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচীর ডাক দেয়। আগেরদিন রাতে পুলিশের পক্ষ থেকে এ কর্মসূচীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকায় মানববন্ধন করে জোট নেতাকর্মীরা। কয়েকটি স্থানে পুলিশ লাঠিপেটা করে কর্মসূচি পালনকারীদের হটিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০৪৩ঘ.
bdnews24