২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডুবে যাওয়া কার্গোর দুই শ্রমিকের লাশ উদ্ধার

মেঘনায় ডুবে যাওয়া পাথরবাহী কার্গো এমভি ফেরদৌসের নিখোঁজ আরও দুই শ্রমিকের লাশ বুধবার উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

চাঁদপুর, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনায় ডুবে যাওয়া পাথরবাহী কার্গো এমভি ফেরদৌসের নিখোঁজ আরও দুই শ্রমিকের লাশ বুধবার উদ্ধার করা হয়েছে। এরা হলেন- ভোলার সোলেমান (৩৫) ও চট্টগ্রামের শাহ আলম (৩৩)। বিকালে মেঘনা নদী থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এর আগে মঙ্গলবার জাহাঙ্গীর নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। জসিম উদ্দিন (৩০) নামে এক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সহিদ উল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকালে উপজেলার এখলাসপুর থেকে সোলেমান এবং আমিরাবাদ এলাকা থেকে শাহ আলমের লাশ উদ্ধার করা হয়।" সোমবার বিকালে মোহনপুর লঞ্চ টার্মিনালের কাছে দুটি কার্গোর সংঘর্ষে এমভি ফেরদৌস ডুবে যায়। ছাতক থেকে সিমেন্ট নিয়ে আসা কার্গোটিতে আট জন শ্রমিক ছিলেন। এর মধ্যে চার জন ঘটনার পরপরই সাঁতরে তীরে ওঠেন। এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারের কাজ এখনও শুরু হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৫৯ ঘ.