ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণসামগ্রী আত্মসাতের মামলায় ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর রহুল আমিন বুধবার আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন বিকেলে বিশেষ জজ আদালত-৫ এ আত্মসমর্পণ করেন। তার আইনজীবীরা জামিনের আবেদন জানালে বিচারক মো. আশরাফ হোসেন তা খারিজ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ত্রাণের টিন, চাল, কম্বল ও অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ২ মার্চ বিএনপির সাবেক সাংসদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে একটি মামলা হয়। রুহুল আমিনও ওই মামলার আসামি।
বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এসকে/১৯৫১ঘ.
bdnews24