২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে বাধা

খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে। বুধবার মানব বন্ধনে অংশ নেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেড় হাজারের বেশি শিক্ষার্থী জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সোহরাওয়ার্দীর উদ্যানে ভিতর দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের দিকে রওনা দেয়। রমনা পার্কের উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এর পরে তারা মিছিল করে উদ্যানের ভেতর দিয়ে স্লোগান দিতে দিতে টিএসসি'র সামনে রাজু ভাষ্কর্যের সামনে জড়ো হয়। এদের মধ্যে এক দল মিছিল নিয়ে বৃষ্টির মধ্যে টিএসসিতে ঢুকে পড়ে। এ সময় তারা খালেদা জিয়া এবং তারেক রহমানের নিঃশর্ত মুক্তি, 'মিথ্যা' মামলা প্রত্যাহার এবং তারেককে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ব্যানার বহন করছিল। তারা স্লোগান দেয় 'তারেক জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে', 'ফখরুদ্দীনর স্বৈরাচার, তাড়াতাড়ি দেশ ছাড়" ইত্যাদি স্লোগান দেয়। এর পরে আরেকটি মিছিল স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে যায় এবং ফিরে আসে। ছাত্রদলের এই মিছিলে ছাত্রদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ফিরোজ, আলীমুজ্জামান আলীম, জয়ন্ত কুণ্ডু, মোস্তফা খান সফরী প্রমুখ ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/জিএনএ/১৭৫০ ঘ.