ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ভাড়া নিয়ে বাক বিতণ্ডার জের ধরে বুধবার সকালে তেজগাঁও কলেজের সামনে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে কলেজটির ছাত্ররা।
এ ঘটনায় পুলিশ দুই ছাত্রকে আটক করেছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।
আটককৃতরা হলেন, তেজগাঁও কলেজের প্রথম বর্ষের ছাত্র ইমরান ও রুবেল।
তেজগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মো. ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে গতকাল (মঙ্গলবার) মিরপুরে কলেজটির কয়েকজন ছাত্রের সঙ্গে একটি বাসের কন্ডাক্টরের বাক বিতণ্ডা হয়। আজ (বুধবার) সকাল সোয়া ১০ টার দিকে ওই ছাত্ররা মিরপুরের ওই বাসটিকে পেয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা আরো কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থলে তেজগাঁও পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাঠিচার্জ করে ছাত্রদের হটিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।"
তিনি জানান, এ ঘটনায় পুলিশ দু'ছাত্রকে আটক করেছে। তাদের বিরুদ্ধে এখনও কোন মামলা হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/জিএনএ/১২০০ ঘ.
bdnews24