ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- আগামী দুই সপ্তাহের মধ্যে তা প্রধান নির্বাচন কমিশনার, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সংস্থাপন সচিবকে জানাতে বলেছে আদালত।
বিএনপি আমলে নিয়োগ পাওয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল আহসান ও তারিকুল ইসলামের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
রিট আবেদনের শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট আবদুর রব চৌধুরী বলেন, "বিএনপি আমলে নিয়োগ পাওয়া ৮৪ উপজেলা নির্বাচন কর্মকর্তার নিয়োগ বর্তমান সরকার বাতিল করে। এর বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইবুনালে মামলা করা হয়েছে। সেই মামলার শুনানি হবে ৩ সেপ্টেম্বর। কিন্তু এরই মধ্যে নতুন উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগের জন্য গত ২০ আগস্ট বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন।"
সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম এক মাস স্থগিতের আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১৪৪ ঘ.
bdnews24