২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা থেকে ১১ শিশু উদ্ধার, চালক গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে সোমবার সন্দেহভাজন অপহরণকারীর হাত থেকে ১১ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে খোকন মিয়া নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে সোমবার সন্দেহভাজন অপহরণকারীর হাত থেকে ১১ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে খোকন মিয়া নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার হারুনর রশিদ জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে বাংলা স্কুলের সামনে থেকে ১১টি শিশুকে অটোরিকশায় তুলে নেয় খোকন। অটোরিক্সাটি মিরপুর ১০ নম্বর গোলচক্করের কাছে পৌঁছলে শিশুদের চিৎকারে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা ধাওয়া করে মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের সামনে অটোরিকশা থামিয়ে চালক খোকনকে পিটুনি দেয়। এ সময় টহল পুলিশ তাকে গ্রেপ্তার এবং বাচ্চাদের উদ্ধার করে। এই ১১ শিশু হলো- ইট ব্যবসায়ী জসীমউদ্দীনের সন্তান সিমা (৭), মিম (৬) ও আসিফ (আট মাস); ভ্যান চালক মোহাম্মদ ইসলামের ছেলে সুজন (৭) ও সুমন; ভ্যান চালক মাইনুদ্দীনের সন্তান মনসুরা (৬) ও ফয়সাল(৮); রিকশা মিস্ত্রি লোকমান মিয়ার ছেলে সজীব (৭), ভ্যান চালক আলাউদ্দীনের ছেলে সাগর (১০); মৃত মোহাম্মদ আকরামের ছেলে জনি (৯) এবং চান মিয়ার ছেলে রাব্বি (১)। এদের সবার বাসা বাংলা স্কুলসংলগ্ন অবাঙালি মুসলিম ক্যাম্পে। গ্রেপ্তারকৃত খোকন মিয়া থানায় সাংবাদিকদের বলেন, তিনি ভাসানটেক সিআরপি ভবনের পাশে বস্তিতে থাকেন এবং দীর্ঘদিন ধরে অটোরিকশা চালান। সন্ধ্যায় মিরপুর বাসস্ট্যান্ডের কাছে যাত্রীর আশায় অপেক্ষা করছিলেন তিনি। এ সময় সেখানে খেলাধুলা শেষে ওই ১১ শিশু তার অটোরিকশায় উঠে বসে এবং ঘুরিয়ে আনার অনুরোধ করে। এর আগেও অনেক বাচ্চাকে এভাবে অটোরিকশায় করে ঘুরিয়ে এনেছেন বলে দাবি করেন তিনি। খোকন বলেন, "অপরহণ করার কোনো উদ্দেশ্য আমার নেই। সেই চেষ্টাও আমি করিনি।" থানা হেফাজতে থাকা শিশু সুজন বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানায়, জামা ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে খোকন তাদের গাড়িতে তুলে নেয়। গাড়ি থামাতে বললেও না থামানোয় তারা চিৎকার শুরু করে। পরে লোকজন ধাওয়া করে অটোরিকশাটি ধরে ফেলে। সুজনকে নিতে এসে বোন রেবা সাংবাদিকদের জানান, অটোরিকশা চালক খোকনকে তিনি আগেও দেখেছেন। খোকন বাচ্চাদের সঙ্গে ভাব জামানোর চেষ্টা করতো এবং তাদের পটানোর চেষ্টা করতো। পুলিশ কমিশনার হারুনর রশিদ বলেন, "অপহরণের অভিযোগ এনে এ ব্যাপারে একটি মামলা করা হবে। অভিভাবকের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত বাচ্চারা থানা হেফাজতে থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/জেকে/এমএইচবি/২১৩২ ঘ.