২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭১ভাগ লোককে পেনশন পেতে ঘুষ দিতে হয়: টিআইবি

অবসর ভাতার অর্থ (পেনশন) পেতে গড়ে আট হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় শতকরা ৭১ ভাগ পেনশনভোগীকে। টিআইবির গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবসর ভাতার অর্থ (পেনশন) পেতে গড়ে আট হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় শতকরা ৭১ ভাগ পেনশনভোগীকে। টিআইবির গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। পেনশন পাওয়ার ক্ষেত্রে অনিয়ম ও জটিলতা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য। অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবি রিসার্চ ফেলো কে এন এম হোসাইনুল হক। প্রতিবেদনে জানানো হয়, পেনশন গহণের জন্য একজন আবেদনকারীকে মোট আট থেকে ১১ ধরনের কাগজপত্র প্রক্রিয়াকরণ করতে হয়। পারিবারিক পেনশনের ক্ষেত্রে কাগজপত্রের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ থেকে ১৬ ধরনের। পেনশন প্রক্রিয়াকরণ বাবদ একজনকে গড়ে সাত হাজার ৬৬০ টাকা ঘুষ দিতে হয়। আর পুরো পেনশন প্রক্রিয়াকরণ শেষ করতে সময় লাগে গড়ে ১৫৯ দিন (পাঁচ মাসের বেশি)। এছাড়া পেনশন তুলতে এসে ওই ব্যক্তির যাতায়াত ভাড়া ও থাকা খাওয়ার খরচসহ অতিরিক্ত ব্যয় হয় আরও তিন হাজার ৭২০ টাকা। প্রতিবেদনে আরো বলা হয়, পাওনা ছুটির সনদ (এলএসি) স্বল্প সময়ে পেতে গেলে ঘুষের পরিমাণ অনেক বেড়ে যায়। এক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের ৫০ শতাংশ এবং তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের ৪৫ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়। যার পরিমাণ ২০০ থেকে এক হাজার টাকা হয়ে থাকে। ২০০৬ সালে পরিচালিত এ গবেষণায় আট থেকে ১৬ ধরনের কাগজপত্রের প্রক্রিয়াকরণে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্বল ও প্রাচীন পদ্ধতির নথি সংরক্ষণ ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, অসহযোগিতা এবং পেনশনভোগীদের অসচেতনা এক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। পেনশন খাতে দুর্নীতি ও জটিলতা দূর করতে নথি সংরক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন, একই পদ্ধতিতে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর চাকরির দলিলপত্রের একাধিক কপি তৈরি করা, পেনশন প্রাপ্তি প্রক্রিয়ায় ধাপের সংখ্যা কমানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং পেনশন দেওয়ার ক্ষেত্রে টাস্ক ফোর্স গঠন করাসহ বেশকিছু সুপারিশ করা হয় প্রতিবেদনে। অনুষ্ঠানে প্রধান অতিথি টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহম্মদ বলেন, "সরকারের পেনশন ফান্ড নীতিমালা বদলাতে হবে। এখানে রাজস্ব থেকে পেনশনের অর্থ বরাদ্দ করা হয়। ব্রিটিশ আমলে যখন সরকার ছোট ছিল তখনকার উপযোগী করে এ নীতিমালা তৈরি হয়েছিল। কিন্তু এখন সরকারের পরিধি ও কর্মকাণ্ড অনেক বেড়েছ।" ব্রিটিশরা এখন কীভাবে পেনশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে থাকে তা থেকেও শিক্ষা নেওয়া যেতে পারে। পেনশন তোলার জটিলতা সম্পর্কে তিনি বলেন, অনেক সময় কর্মকর্তারা ফাইলগুলো ঠিকমতো গুছিয়ে রাখে না। ফাইল ঠিকভাবে সংরক্ষণ করা হলে পেনশনপ্রাপ্তি অনেক সহজ হতো। আমলাতান্ত্রিক জটিলতা দূর করা প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজ উদ্দীন খান বলেন, "জটিলতা দূর করতে জরুরিভিত্তিতে প্রত্যেক বিভাগ এবং দপ্তরে পেনশনের জন্য একজন করে কল্যাণ-কর্মকর্তা নিয়োগ করতে হবে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিতে হবে।" পেনশন সম্পর্কে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান জানান, তিনি চাকরি থেকে নয় বছর আগে অবসর নিলেও ঘুষ দিতে না চাওয়ায় এখনও পেনশনের অর্থ পাননি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালাহউদ্দীন এম আমিনুজ্জামান। ব্রিটিশ শাসনামলে ১৯২৪ সাল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন দেওয়া শুরু হয়। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এমএইচবি/২০১৬ ঘ.