বাগেরহাট, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম) - বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালীতে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ত্রাণের টিনসহ ঘর তৈরি অন্যান্য সামগ্রী চুরি হয়ে যাচ্ছে।
সোমবার চুরি হয়ে যাওয়া ৫৮টি টিন উদ্ধার করা হয়। এ নিয়ে গত ছয় দিনে ১৯৪টি টিন উদ্ধার করা হলো।
সাউথখালীতে চার হাজার ঘর তৈরি করে দেওয়ার জন্য সৌদি আরব এ বছর আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী পাঠায়। এর মধ্যে রয়েছে, টিন, কাঠ ও কংক্রিটের খুঁটি।
এলাকায় এ সব টিন, কাঠ ও খুঁটি রাখার উপযুক্ত কোন জায়গা না থাকায় গাবতলা, তেরাবেকা, বান্ধাঘাট ও শরণখোলা গ্রামের বেড়ী বাঁধের উপর এসব মালামাল রাখা হয়েছে। এর মধ্যে তাফালবাড়ি বান্ধাঘাটা এলাকা থেকে টিন ও খুঁটি চুরি হয়ে যাচ্ছে।
নির্মাণসামগ্রী সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুমি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. খলিলুর রহমান জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টিন বিতরণে নিয়োজিত তার লোকজন উত্তর সাউথখালী গ্রামের মৃত সাঈদুর রহমানের পুকুর থেকে এই ৫৮টি টিন উদ্ধার করে।
তবে এ পর্যন্ত কি পরিমাণ নির্মাণসামগ্রী চুরি হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি খলিলুর রহমান।
রোববার শরণখোলা থানা পুলিশ সৌদি সরকারের সিলযুক্ত ৪১টি টিন ও ৮টি কংক্রিটের খুঁটি উদ্ধার করে। এগুলোর মালিকানা দাবি করে সোমবার পর্যন্ত থানায় কেউ যোগাযোগ করেনি বলে জানিয়েছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়েম উদ্দিন খান। এ সব টিন থানা হেফাজতে রয়েছে।
এর আগে শনিবার বিকালে রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের রুহুল আমিন মীরের বাড়িতে মাটির নিচে পুতে রাখা ৪১ টি ঢেউ টিন ও পুকুরে ডুবিয়ে রাখা আটটি কংক্রিটের খুঁটি উদ্ধার করা হয়।
তবে কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত এসব সামগ্রীও থানা হেফাজতে রয়েছে।
রুমি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী খলিলুর রহমান জানান, প্রতিটি ঘরের জন্য ৪১ পিস টিন, ২১ ঘনফুট কাঠ ও আটটি করে কংক্রিটের পিলার বরাদ্দ রয়েছে। এই হিসাবে চার হাজার ঘরের জন্য যে বিশাল পরিমাণ মালামাল পাঠানো হয়েছে তা রাখার কোন জায়গা এখানে নেই। ফলে তাফালবাড়ি বান্ধাঘাটার বেড়ী বাঁধের উপর এক কিলোমিটার এলাকা জুড়ে খোলা আকাশের নীচে এ সব মালামাল রাখা হয়েছে।
তিনি জানান, সেখানে সরকারি কোন নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আমাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও গ্রামবাসীর সহযোগিতা নিতে হচ্ছে। আগামী দশ দিনের মধ্যে এ সব সামগ্রী বিতরণ কাজ শেষ করা সম্ভব হবে।
এ ব্যাপারে রোববার শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনেওয়াজ তালুকদার বলেছিলেন, সৌদি সরকারের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার এ সব মালামাল সরবরাহ করছে। ঠিকাদারের পক্ষ থেকে প্রশাসনের কাছে মালামাল রক্ষণাবেক্ষণে কোন সহযোগিতা চাওয়া হয়নি। বরং কয়েকটি ঘটনায় দেখা গেছে, ঠিকাদারের নিয়োজিত কিছু অসাধু লোক এ সব মালামাল চুরি করে বিক্রি করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১১ ঘ.
bdnews24