২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কৃতির বিকাশে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, চলচ্চিত্র শিল্প দেশের রপ্তানি প্রবৃৃদ্ধিতেও অবদান রাখতে পারে। দেশের সংস্কৃতির বিকাশে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 07:29 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, চলচ্চিত্র শিল্প দেশের রপ্তানি প্রবৃৃদ্ধিতেও অবদান রাখতে পারে। দেশের সংস্কৃতির বিকাশে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, "বিশ্বের কাছে বাংলাদেশের সাংস্কৃতিক সৃষ্টিশীলতা তুলে ধরতে চলচ্চিত্র একটি সেরা মাধ্যম হতে পারে।" বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'সেলিব্রেটিং লাইফ' নামে এই অনুষ্ঠানে তিনি বলেন, "বিশ্বব্যাপী ইতিবাচক বাণিজ্য সংযোগ গড়ে তোলার মতো সম্ভবনা চলচ্চিত্র শিল্পের রয়েছে। এর মধ্য দিয়ে আমাদের রপ্তানি আয়ও বাড়ানো সম্ভব।" দেশের সাংস্কৃতিক বিকাশের জন্য এ খাতে বেসরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক জগতে নতুন মুখের আগমনের ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার প্রধান বলেন, "অল্প কয়েকজন ছাড়া বাংলাদেশের অধিকাংশ চলচ্চিত্র নির্মাতাই আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত নেন।" অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আলোকচিত্র, সংগীত রচনা ও চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আলোকচিত্র বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন সেলিম নেওয়াজ ভূঁইয়া, বাংলা সংগীত রচনায় প্রথম হয়েছেন চন্দ্র চৌধুরী এবং ইংরেজির ক্ষেত্রে তানভীর আহমেদ তমাল। তথ্যচিত্রে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন লুৎফুন নাহার মৌসুমী ও শিবু কুমার শীল। তথ্যচিত্রে নবাগতদের মধ্যে সেরা নির্মাতা হিসেবে আদনান এম এস ফকির। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান মুরাদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/০১১৫ ঘ.