২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

সীমান্ত বিরোধসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকায় শুরু হয়েছে পাঁচ দিনের বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত বিরোধসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকায় শুরু হয়েছে পাঁচ দিনের বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন। সকাল সাড়ে ১০টায় পিলখানায় বিডিআর সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয়। এতে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। আর ভারতের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক আশীষ কুমার মিত্র। বিএসএফ প্রতিনিধি দল গত বুধবার বাংলাদেশে পৌঁছায়। বিডিআর সদর দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ সম্মেলনে দুদেশের সীমান্ত বিরোধ, মাদক পাচার ও চোরাচালান রোধ, অবৈধ সীমান্ত পারাপার ও অনুপ্রবেশ বন্ধসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে। আগামী ২৪ আগস্ট বিকেলে বিডিআর ও বিএসএফ মহাপরিচালক যৌথ সংবাদ সম্মেলনে আলোচনার ফলাফল সম্পর্কে জানাবেন। এদিকে বিএসএফ মহাপরিচালক আশীষ কুমার মিত্র বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে দেখা করেন। স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহম্মেদ ও ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবতীসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএম/টিএইচ/জেকে/এমএইচবি/১৮৪৪ ঘ.