২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভোটার হতে বেশ কিছু ভুয়া আবেদন

ঢাকা মহানগর এলাকায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে ভোটার হতে অনেক ভুয়া আবেদন জমা পড়েছে। মোহাম্মদপুরে একই ঠিকানা ব্যবহার করে করা ৮০টি ভুয়া আবেদন ইতিমধ্যে বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর এলাকায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নতুন করে ভোটার হতে অনেক ভুয়া আবেদন জমা পড়েছে। মোহাম্মদপুরে একই ঠিকানা ব্যবহার করে করা ৮০টি ভুয়া আবেদন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। বিষয়টি স্বীকার করে বুধবার ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৭ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত নির্ধারিত সময়ে অনেক লোক একই ঠিকানায় আবেদন করেছে কিংবা ভুয়া ভোটার হওয়া চেষ্টা চালিয়েছে। ইতোমধ্যে একই ঠিকানা থেকে করা (২৪/২ খিলজী রোড, মোহাম্মদপুর) ৮০ জনের আবেদন বাতিল করা হয়েছে। এ ঠিকানায় এতো লোকের কোনো খোঁজ মেলেনি। ভুয়া ঠিকানায় কিংবা ভুয়া ভোটারদের আবেদন গ্রহণ করা এবং এ কাজে সহায়তাকারীদের সনাক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপ-নির্বাচন কমিশনার। তিনি জানান, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ১৫ দিনে প্রায় ১৮ হাজার আবেদন জমা পড়েছে। এরমধ্যে নতুন করে অন্তর্ভূক্তি ছাড়াও নাম সংশোধন এবং কর্তনের আবেদন রয়েছে। আবেদনকারীদের ব্যাপারে শুনানি শেষ হয়েছে জানিয়ে লুৎফুর রহমান বলেন, 'আবেদনকারীদের ফরম পরীক্ষা করে যে ঠিকানায় ৫ জনের বেশি ভোটার রয়েছে, সেসব ঠিকানা পরীক্ষা করা হচ্ছে। খসড়া তালিকায় ভুয়া ভোটার হওয়ার যেমন সুযোগ ছিল না, তেমনি চূড়ান্ত তালিকায়ও তা হওয়ার কোনো অবকাশ নেই।'' "কেউ ভুয়া ভোটার কিনা তা ছবি তুলতে এলে ধরা পড়বেই।" তিনি জানান, আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে আবেদনকারীদের ছবি তুলতে হবে। ঢাকা মহানগরের খসড়া ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন ৩৪ লাখ ৯৭ হাজার ৯৫ জন। ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভুয়া ঠিকানায় কিংবা ভুয়া হোল্ডিং নম্বরে ভোটার হওয়ার আবেদন করার বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ছবিসহ ভোটার তালিকায় কারো একাধিকবার ভোটার হওয়ার সুযোগ নেই। কেউ আইন লঙ্ঘন করলে জেল-জরিমানা ব্যবস্থা রয়েছে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/২২৫৩ ঘ.