২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী ও কুড়িগ্রামে পানিবন্দি কয়েক হাজার মানুষ

কয়েকদিনের ভারি বর্ষণে ভারতের আসামে বন্যা দেখা দেওয়ার পর বাংলাদেশের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও আশঙ্কাজনকভাবে বাড়ছে। নীলফামারীর ডিমলা ও কুড়িগ্রামের পাঁচ উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিনের ভারি বর্ষণে ভারতের আসামে বন্যা দেখা দেওয়ার পর বাংলাদেশের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও আশঙ্কাজনকভাবে বাড়ছে। নীলফামারীর ডিমলা ও কুড়িগ্রামের পাঁচ উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, তিস্তায় পানি বৃদ্ধির ফলে ডিমলার ১০টি গ্রামের দুই হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত মানুষ উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমান্তের ওপারে গজলডোবা ব্যারেজের সবক'টি গেট খুলে দেওয়ায় নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির প্রবল চাপ সামলাতে তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি জানান, ডিমলার ঝারসিংহেস্বর, দোহলপাড়া, কিসামতের চর, পশ্চিম খড়িবাড়ী, চরখড়িবাড়ী, ভাষানীর চর, উত্তর খড়িবাড়ী, তাপুর চর, দক্ষিণ খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, বাইশপুকুর, সতীঘাট, ছোটখাতা, ভেণ্ডাবাড়ী, ছাতুনামা ও উত্তর সোনাখুলী গ্রাম চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। এ সব গ্রামের দুই হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। অন্য নদ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদদৌলা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানান, নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে জরুরি সভা করে সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান তিনি। আসাফুদদৌলা জানান- সদর, চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজিবপুর উপজেলার ১০টি ইউনিয়নের ১০০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন গ্রামে ২৮০টি ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কৃষি বিভাগের উপ-পরিচালক মহসিন আলী জানান, সদর উপজেলায় ৩৪০ হেক্টর, উলিপুরে ২ হাজার ২০০ হেক্টর, নাগেশ্বরীতে ২ হাজার ৫০০ হেক্টর এবং চিলমারিতে ১ হাজার ৪৫ হেক্টর জমির আমন ক্ষেত তলিয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে ৮৫ হেক্টর জমির বীজতলা ও ৩০ হেক্টর জমির শাক-সব্জি। জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, গত ৩ দিনে ব্রহ্মপুত্র, সোনাভরি ও হলহলিয়া নদীর ভাঙনে চিলমারীর নটারকান্দি, উত্তর খামার এবং রাজিবপুরের চর নেওয়াজী, শেখপাড়া ও চর নেওয়াজী সরকার পাড়া গ্রামে ১১৫টি পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারি বর্ষণের ফলে দেখা দিয়েছে প্রবল বন্যা। আসাম থেকে নেমে আসা পানির কারণে বাংলাদেশের নদ-নদীগুলোতেও পানি বৃদ্ধি পাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৩ ঘ.