২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইন থেকে তেল চুরির সময় গ্রেপ্তার ৯

কৈলাশটিলা থেকে আশুগঞ্জ পর্যন্ত তেল পাইপলাইন থেকে তেল চুরির সময় নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 10:02 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৈলাশটিলা থেকে আশুগঞ্জ পর্যন্ত তেল পাইপলাইন থেকে তেল চুরির সময় নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে সদর উপজেলার চান্দুরার কালিসীমা বিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তেল চুরির সময় ওই নয় জনকে এলাকাবাসীর সহায়তায় কালিসীমা বিলের মধ্য থেকে গ্রেপ্তার করা হয়।" গ্রেপ্তারকৃতরা হচ্ছে- দেলোয়ার (৩৫), কাউসার (৩০), খায়রুল (২৪), বাবুল (৪২), জসীম (২১), মিজান (২৫), জমসেদ (২৫), রাহাত উদ্দিন (২০) ও এরশাদ মিয়া (২৬)। তাদের কাছ থেকে ৩০টি ড্রাম, একটি ইঞ্জিনচালিত নৌকা, তেল চুরির হোস পাইপ, পাইপ ছিদ্র করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সিলেটের কৈলাশটিলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পর্যন্ত প্রায় ১৭৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান আল আরাফাতের সমন্বয়কারী দেলোয়ার হোসেন চন্দন সাংবা;িদকদের বলেন, "একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পাইপলাইনে ছিদ্র করে হোস পাইপ দিয়ে তেল চুরি করে আসছিল। বিভিন্ন সময় এদের বিরুদ্ধে মামলাও করা হয়।" এসআই জাহিদুল ইসলাম জানান, সদর থানায় তেল চুরি সংক্রান্ত ১২টি মামলা রয়েছে। পাইপলাইন থেকে তেল চুরি করে বিক্রি করায় প্রচুর লাভ হয় বলে স্থানীয় অনেকেই এ অবৈধ কাজে জড়িয়ে পড়ছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.