২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির আরেকটি মামলায় মোরশেদপুত্র ফয়সালের ১০ বছর কারাদণ্ড

দুর্নীতির দায়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের পলাতক ছেলে এম ফয়সাল মোরশেদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 06:58 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের পলাতক ছেলে এম ফয়সাল মোরশেদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এর আগে আরও একটি দুর্নীতি মামলায় ফয়সাল মোরশেদকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান এ রায় দেন। এছাড়াও আসামির অবৈধভাবে অর্জিত এক কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৫৫৮ টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। অবৈধভাবে সম্পত্তি অর্জনের অপরাধে তাকে আট বছরের কারাদণ্ড এবং সম্পত্তির তথ্য গোপন করায় আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি সাজা শেষ হলে অপর সাজা কার্যকর হবে বলে তাকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ফয়সাল মোরশেদ পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পনের দিন থেকে এ সাজা কার্যকর হবে। গতবছরের ১ ডিসেম্বর ফয়সাল মোরশেদ ও তার স্ত্রী শ্যামা সেজান খানের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো: তালেবুর রহমান। তবে শ্যামা সিজানের বিরুদ্ধে আনা অভিযোগ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকায় এ মামলায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১২৩৪ ঘ.