২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

গত বছর আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের সময় সেনাবাহিনীর একটি গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সাত ছাত্রের বিরুদ্ধে সোমবার রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছর আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের সময় সেনাবাহিনীর একটি গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সাত ছাত্রের বিরুদ্ধে সোমবার রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ঢাকার অতিরিক্তি মুখ্য মহানগর হাকিম এহসানুল হক এদিন শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক মো. জামালউদ্দিনের সাক্ষ্য নেন। আগামী ১৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- কাজী মো. জাহিদুল ইসলাম বিপ্লব, কাজী দীন ইসলাম অ্যানজেল, মো. রফিকুল ইসলাম, মো. দীন ইসলাম, মো. আসাদুজ্জামান আসাদ, রাশেদুল হাবিব ও মো. আবুল হাসান। এরা সবাই জামিনে রয়েছেন। গত বছর ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনা সদস্যদের হাতে শিক্ষার্থী প্রহৃত হওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ করে। পরদিন ২১ আগস্ট শাহবাগ মোড়ে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয়। এ ঘটনায় পরদিন শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। চলতি বছরের ৩ জানুয়ারি এ মামলায় ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে ২২ জানুয়ারি ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয় সরকার। গত ১৫ মে বাকি সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হয়। ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া অন্য মামলাগুলো সরকার প্রত্যাহার করে নিলেও এ মামলায় অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/এমএইচবি/২২৪১ ঘ.