২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী বর্ষণে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সড়ক তলিয়ে যাওয়ায় সোমবার দুপুর থেকে সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বান্দরবান, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সড়ক তলিয়ে যাওয়ায় সোমবার দুপুর থেকে সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার দুপুর থেকে অবিরাম ভারী বর্ষণে সাতকানিয়ার বাজালিয়া ও বড়দুয়ারা এলাকায় বান্দরবান-কেরানীহাট প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চটগ্রাম, কক্সবাজারসহ সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বান্দরবান পূবার্ণী পরিবহনের কাউন্টার ইনচার্জ দুলাল দাশ ও পূরবী পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মীর আহম্মদ জানান, বান্দরবান-কেরানীহাট সড়ক প্রায় পাঁচ ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। বান্দরবান বাস মালিক কর্তৃপক্ষ জানায়, সোমবার সকালে কিছু লোকাল বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করলেও দুপুরের পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। এই রুটের যাত্রী কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের কর্মী শামিম ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় দুপুর থেকে কেরানীহাটে অপেক্ষা করেও জেলা সদরে আসতে পারছেন না তিনি। যান চলাচল বন্ধ থাকায় ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে বান্দরবানে আসা নারী ও শিশুসহ যাত্রীরা কেরানীহাটে অপেক্ষা করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া বান্দরবান-রুমা সড়কের সাতমাইল এলাকায় পাহাড় ধসে ওই রুটেও যানবাহন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল। পরে মাটি সরিয়ে আবার যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৩৬ ঘ.