২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হয়রানির উদ্দেশ্যে পিআইও গঠন করা হয়নি: ডিএমপি কমিশনার

পুলিশের নবগঠিত গোয়েন্দা ইউনিট পলিটিক্যাল ইন্টেলিজেন্স অফিস (পিআইও) সম্পর্কে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বলেছেন, কাউকে হয়রানির জন্য এই শাখা গঠন করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুলিশের নবগঠিত গোয়েন্দা ইউনিট পলিটিক্যাল ইন্টেলিজেন্স অফিস (পিআইও) সম্পর্কে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বলেছেন, কাউকে হয়রানির জন্য এই শাখা গঠন করা হয়নি। পিআইও নিয়ে গত দুইদিনে সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ কমিশনার এ কথা বলেন। ডিএমপি কমিশনার নাইম আহমেদ বলেন, "ঢাকা মেট্রোপলিটন পুলিশ (গোয়েন্দা শাখা) বিধিমালা ২০০৬ অনুযায়ী পিআইও গঠন করা হয়েছে। এনিয়ে কোনো বিভ্রান্তিও নেই।" রাজনৈতিক দলগুলোর 'কণ্ঠরোধ' করার উদ্দেশ্যেই পিআইও চালু করা হয়েছে বলে সোমবার অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, বিধিমালার নামটি 'পলিটিক্যাল ইন্টেলিজেন্স অফিস' বলা হলেও এটা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে গঠন করা হয়নি। আইন-শৃঙ্খলা রক্ষার কাজে আগাম প্রস্তুতির বিষয়টিকে সামনে রেখেই এর কার্যক্রম চলবে। এটা গার্মেন্টস,শিক্ষা প্রতিষ্ঠানও হতে পারে। ইতিমধ্যে গার্মেন্টসের সঙ্গে হটলাইন চালু করা হয়েছে বলে জানান কমিশনার। সাংবাদিকদের কাছে তার রোববারের বক্তব্যের পুনরাবৃত্তি করে পুলিশ কমিশনার জানান, এই শাখার কার্যক্রম প্রায় ২ মাস আগে সীমিত আকারে শুরু হয়েছে। তবে সোমবার তিনি দাবি করেন, এটা নতুনভাবে প্রতিষ্ঠিত কোনো শাখা নয়। নাইম আহমেদ জানান, ১৯৭৬ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অডিন্যান্সের সেকশন ১০৯ এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার "ঢাকা মেট্রোপলিটন পুলিশ (গোয়েন্দা শাখা) বিধিমালা ২০০৬" প্রণয়ন করেছে। ২০০৬ সালের ১৯ অক্টোবর গেজেট আকারে এটি প্রকাশিত হয়। পিআইও'র কার্যক্রম সম্পর্কে তিনি জানান, শাখাটি ঢাকা মহানগর এলাকায় আইন- শৃঙ্খলা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে এমন তথ্য পুলিশের সাধারণ ইউনিট থেকে সংগ্রহ করবে। এছাড়া এটি পুলিশের বিশেষ শাখার নগর শাখার (সিটি এসবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। একজন সহকারি পুলিশ কমিশনার,দুইজন পরিদর্শক এবং কয়েকজন উপপরিদর্শক সমন্বয়ে দিনরাত এর কার্যক্রম চলবে। নাইম আহমেদ জানান, পিআইও গঠন করার আগে এবং পরে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। এছাড়া পুলিশের অন্য যেসব বিধি রয়েছে তার সবকয়টি পর্যায়ক্রমে চালু করার চেষ্টা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১০৪ঘ.