২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, অপহরণের শিকার বলে সন্দেহ

রাজধানীর শ্যামপুরে নিখোঁজ হওয়ার পর তিনদিন পর সাত বছরের এক শিশুর লাশ পাওয়া গেছে। তাকে মুক্তিপণের জন্য অপহরণের পর হত্যা করা হয় বলে তার পরিবার অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শ্যামপুরে নিখোঁজ হওয়ার পর তিনদিন পর সাত বছরের এক শিশুর লাশ পাওয়া গেছে। তাকে মুক্তিপণের জন্য অপহরণের পর হত্যা করা হয় বলে তার পরিবার অভিযোগ করেছে। রোববার রাতে পুলিশ শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে। এর মধ্যে পুলিশ এ সংক্রান্ত মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে। নিহত শিশু মাহবুব হাসান স্থানীয় ব্র্যাক স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। শ্যামপুর থানার উপ-পরিদর্শক আফজালুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত মাহবুবের বাবা পূর্ব ধোলাইপাড়ের বাসিন্দা শফিকুল হাসান মাহবুবের ফুফা শওকত আলী ও ফুফাতো ভাই মেরাজকে অপহরণের আসামী করে মামলা দায়ের করেছেন। এর মধ্যে শওকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে শফিকুল অভিযোগ করেন, অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছিল। যাত্রাবাড়ী থানা পুলিশ রোববার রাতে মাহবুবের লাশ উদ্ধার করে। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক শাহীনউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত পৌনে ৮টায় দক্ষিণ যাত্রাবাড়ীর একটি উচ্ছেদকৃত মার্কেটের পরিত্যক্ত দোকান থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। চাচা আব্দুল আউয়াল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ আগস্ট রাতে মাহবুবের ফুফাতো ভাই মেরাজ ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই আর তাকে পাওয়া যাচ্ছিল না। ওইদিনই যাত্রাবাড়ি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করা হয়। আউয়াল বলেন, তার মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে বলেছিলেন,মাহবুবকে জীবিত ফেরত পেতে হলে দুই লাখ টাকা দিতে হবে। তারা ৫০ হাজার টাকা দিতে রাজিও হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২০৪২ঘ.