২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে নয়জন আহত

হাতিয়া উপজেলা এলাকায় মেঘনা নদীতে সোমবার ভোরে পুলিশের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধে নয়জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

নোয়াখালী, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাতিয়া উপজেলা এলাকায় মেঘনা নদীতে সোমবার ভোরে পুলিশের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধে নয়জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে করা হয়েছে। আহতরা হলেন- পুলিশের হাবিলদার আমির হোসেন ও কনস্টেবল পারভেজ এবং ডাকাত অলিউল্যা, মহিউদ্দিন, আব্দুল হাই, শামিম, আজগর, বিপ্লব ও ফরিদ। আহত দুই পুলিশকে শহরের পুলিশ হাসপাতালে এবং ডাকাত বিপ্লব ও ফরিদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ডাকাতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট ও চম্পার ঘাটের মোহনায় ডাকাতদলটি মাছ ধরা ট্রলার ডাকাতির প্রস্তুতিকালে টহলরত পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। বন্দুকযুদ্ধে পুলিশ ৫৪ রাউন্ড গুলি ছুড়েছে বলে জানিয়েছেন ওসি। তিনি জানান, সংঘর্ষে পুলিশের দু'সদস্য এবং সাত ডাকাত আহত হয়েছেন। আহত সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েক ডাকাত পালিয়ে গেছে বলেও জানান তিনি। বাবুল চন্দ্র বণিক আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ব্যবহৃত ট্রলার, গোলাবারুদ ও অনেকগুলো ধারালো অস্ত্র উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩০ ঘ.