২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীনের জন্মবার্ষিকী উদযাপনে নানা আয়োজন

শোভাযাত্রা নিয়ে সমাধিতে ফুল দেওয়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে প্রয়াত নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোভাযাত্রা নিয়ে সমাধিতে ফুল দেওয়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে প্রয়াত নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। জন্মদিন উপলক্ষে নাট্যকারের জন্মস্থান ফেনীতেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সেলিম আল দীন চলতি বছরের ১৪ জানুয়ারি মারা যান। সোমবার সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেলিম আল দীনের সমাধিতে ফুল দেয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা নাসিরউদ্দিন ইউসুফ, নাট্যনির্মাতা ও নির্দেশক শহীদুজ্জামান সেলিমসহ অনেক নাট্যকর্মী অংশ নেন শোভাযাত্রায়। ঢাকা থিয়েটার, নাট্য স্নাতক মঞ্চ, জাহাঙ্গীরনগর থিয়েটার ও 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর'সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায় প্রয়াত শিক্ষকের প্রতি। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী, বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের সভাপতি ম হামিদ, সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরি, ভারতের পশ্চিমবঙ্গের নাট্য সমালোচক অরুণ সেন, নাট্য সমালোচক সাজেদুল আওয়াল, নাট্যাভিনেতা এস এম মহসীন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আফসার আহমেদ, লুৎফর রহমান প্রমুখ। সভা শেষে বিভাগের শিক্ষার্থীরা সেলিম আল দীনের লেখা নাটকের গান নিয়ে নাট্য কোলাজ 'কহন কথা' পরিবেশন করে। সেলিম আল দীনের নিজ জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীর সাংস্কৃতিক সংগঠনগুলো সকাল ১১টায় জেলা শহরের মিজান রোডে জহির রায়হান মিলনায়তন চত্বর থেকে শোভাযাত্রা বের করে। বিকেল ৩টায় ওই মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রোববার সেলিম আল দীনের পরিবার ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সেনেরখিল গ্রামে সেলিম আল দীন স্মৃতি জাদুঘর নির্মাণসহ তার স্মৃতি রক্ষায় পাঁচটি দাবি তুলে ধরে। সম্মেলনে সেলিম আল দীনের ছোট ভাই বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। সেলিম আল দীনের জন্ম ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে। গত ১৪ জানুয়ারি রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে, সর্প বিষয়ক গল্প, জন্ডিস ও বিবিধ বেলুন, কীত্তনখোলা, কেরামতমঙ্গল, হাত হদাই, যৈবতী কন্যার মন, মুনতাসীর ফ্যান্টাসি, চাকা। সেলিম আল দীন বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/জিএনএ/১৩৫২ ঘ.