ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ধরনের ভয় ভীতির ঊর্ধ্বে ওঠে আসন্ন জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সোমবার সব বিভাগ ও মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, "অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সবার দায়িত্ব রয়েছে। আমার বিশ্বাস আপনারা দায়িত্ব পালন করলে আগামী নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। ভোটাররা নিশ্চিন্তমনে ভোটকেন্দ্রে যাবে। তারা নাগরিক দায়িত্ব হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা দানে সরকার দায়বদ্ধ।"
সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে এসব দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
ফখরুদ্দীন আহমদ বলেন, "আমার বিশ্বাস আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারবো।"
এক বছরের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র তৈরি সরকারের একটি বড় অর্জন বলে অভিহিত করেন তিনি।
সকাল ১১ টায় বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর প্রধান উপদেষ্টা সচিবদের উদ্দেশে বক্তব্য দেন।
বৈঠকের দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা নিজ নিজ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, কাজের ক্ষেত্রে সমস্যা, সুবিধা-অসুবিধা প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে প্রশাসনের কর্মকর্তাদের পদায়ন, পদোন্নতির নীতিমালার প্রতি নজর দেওয়ার জন্য সচিবদের নির্দেশ দেন।
তিনি বলেন, "প্রয়োজনে পদোন্নতি নীতিমালা যুগোপযোগী করুন। অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের প্রতি নজর দিন। কর্মকর্তাদের সামগ্রিক কর্মকাণ্ডের মূল্যায়ন করুন। সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন করুন। কর্মকর্তাদের ক্যারিয়ার প্ল্যানিংয়ের প্রতি নজর দিন।"
সরকারের বেশকিছু সংস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের কথা তুলে করে ফখরুদ্দীন আহমদ বলেন, "এ সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের ভিত আরও মজবুত হবে। এসব প্রতিষ্ঠান ভবিষ্যতেও যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেজন্য আপনাদের নজর দিতে হবে।"
২০ আগস্ট থেকে ওএমএস কার্যক্রম শুরু করার কথা জানিয়ে এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনারও নির্দেশ দেন তিনি।
একশ' দিনের কর্মসৃজন কর্মসূচি সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, "এ কর্মসূচির মাধ্যমে যাতে সত্যিকারের দরিদ্র মানুষ উপকৃত হয়- বিষয়টি নিশ্চিত করতে হবে।"
আগামী এক মাসের মধ্যে এ কর্মসূচি শুরু হবে।
ফখরুদ্দীন আহমদ বলেন, "অর্থনীতির বিভিন্ন সূচক থেকে দেখা যাচ্ছে দেশের অর্থনীতিতে গতি ফিরে এসেছে।"
অর্থনীতির প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে চলমান অর্থ বছরের প্রথম থেকেই এডিপি বাস্তবায়নের হার বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, "সরকারের প্রধান লক্ষ্য জনগণকে সেবা দেওয়া। তারা সেবা পাচ্ছে কিনা, না পেয়ে থাকলে কি ধরনের সমস্যা হচ্ছে, এ সমস্যা কিভাবে দূর করা যায়- এগুলো সনাক্ত করতে হবে।"
সিটিজেন চার্টার প্রণয়নের কথা জানিয়ে তিনি বলেন, এটি বাস্তবায়ন করতে হবে।
প্রধান উপদেষ্টা জানান, সিটিজেন চার্টার প্রণয়ন ও প্রদর্শন প্রথম পদক্ষেপ; এর বাস্তবায়ন কঠিন কাজ। তবে এটি বাস্তবায়িত হলে জনগণের সুবিধা হবে। সরকারের জবাবদিহিতা বাড়বে। সব কাজে স্বচ্ছতা আসবে।
সচিবালয়ের নির্দেশিকা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "যারা এ নির্দেশিকা প্রণয়ন করেছেন এটি বাস্তবায়নের দায়িত্ব তাদের উপরই বর্তায়।"
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন তিনি। এ ছাড়া প্রশাসনে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির নির্দেশ দেন তিনি।
দারিদ্র্য বিমোচন সরকারের একমাত্র লক্ষ্য জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "কোনভাবে আমরা এ লক্ষ্য থেকে সরে আসতে পারব না।"
বৈঠকের দ্বিতীয় পর্যায়ে সমাপণী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, "প্রশাসনে বদলি একটি রুটিন কাজ; এটা সব সময়ই হয়। আগে রাজনৈতিকভাবে বদলি হতো, এখন তা হবে না। যেখানে প্রয়োজন সেখানেই বদলি করা হবে।"
এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা নিজেদের মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, কাজের ক্ষেত্রে সমস্যা, সুবিধা-অসুবিধা প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৩ জন সচিব এ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সামনে বক্তব্য রাখেন।
তাদের বক্তব্যের পর প্রধান উপদেষ্টা সমাপণী বক্তৃতা দেন।
তিনি সচিবদের উদ্দেশে বলেন, "সঠিক লোককে সঠিক স্থানে পদায়ন করতে হবে। নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে সমন্বয়ের পাশাপাশি কোথাও জট কোথাও শূন্যতা সৃষ্টি হয় কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।"
দ্রুত পে-কমিশন গঠন, নতুন বেতন কাঠামো ঘোষণা এবং তা বাস্তবায়নের জন্য অর্থ উপদেষ্টাকে তিনি অনুরোধ করবেন বলেও উল্লেখ করেন।
ফখরুদ্দীন আহমদ বলেন, "সচিবরা সরল বিশ্বাসে কাজ করেন। ভুলও করে থাকেন সরল বিশ্বাসেই। এ বিশ্বাস রাখতে হবে, এতে কোথাও কোথাও সমস্যা হলেও সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে।"
রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে তুলে ধরে তিনি বলেন, "নির্দিষ্ট আয়ের মানুষজন যাতে সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।"
প্রধান উপদেষ্টা জানান, রমজানে ভ্রাম্যমান আদালত চালু থাকবে এবং পণ্যের মূল্য মনিটরিং করা হবে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য স্বল্প মেয়াদি পর্যালোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "এতে এডিপি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এএল/জিএনএ/
bdnews24